চাঁদপুরের মতলব দক্ষিণ থেকে নিখোঁজের দেড় মাসেরও বেশি সময় পর সাফায়েত ইসলাম (১০) নামের এক শিশুকে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চঘাট এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। রাতে পুলিশ সুপারের কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গত ৫ সেপ্টেম্বর সকালে মতলব দক্ষিণ থানার ধনার পাড়া এলাকা থেকে নিখোঁজ হয় সাফায়েত। এ ঘটনায় তার বাবা সাবের ইসলাম ৮ সেপ্টেম্বর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে পুলিশ সুপার মো. মিজানুর রহমান ও সংশ্লিষ্ট সার্কেল কর্মকর্তা জাবির হোসেন তানিমের নির্দেশনায় শিশুটিকে উদ্ধারে অনুসন্ধান শুরু করে ডিবি পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাফায়েত জানায়, সে স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করত। পরিবারের সঙ্গে রাগ করে বাড়ি থেকে ঢাকায় চলে যায়। সেখানে এক ব্যক্তি কাজের প্রলোভন দেখিয়ে তাকে চট্টগ্রামে নিয়ে যান। কিছুদিন কাজ করার পর সেখান থেকে পালিয়ে ট্রেনে ঢাকার কমলাপুরে আসে সে। পরে নারায়ণগঞ্জ হয়ে ষাটনলগামী লঞ্চে উঠলে পুলিশ তাকে উদ্ধার করে।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর জানান, শিশুটির বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন। তাকে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।