মালয়েশিয়ায় অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক রোবোটিকস প্রতিযোগিতায় তথ্যপ্রযুক্তি ও রোবোটিকস ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক জয় করেছে বাংলাদেশের দুই শিক্ষার্থী। বিজয়ী দুই উদ্ভাবক চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার কেএফটি কলেজিয়েট স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী মো. সামিউ ইমাম স্পর্শ ও সানিয়া সাঈদ।
গতকাল বুধবার সকালে মালয়েশিয়ার পেটালিং জায়ায় অবস্থিত সেগি ইউনিভার্সিটিতে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। প্রতিযোগিতার প্রধান অতিথি ও বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. কুমার চক্রবর্তী তাঁদের হাতে এই সম্মাননা তুলে দেন।
চলতি মাসের ১০ থেকে ২৩ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে মোট ২৩টি দল অংশগ্রহণ করে। এর মধ্যে তিনটি দল ভিন্ন ক্যাটাগরিতে স্বর্ণপদক পায়।
তবে আইটি অ্যান্ড রোবোটিকস ক্যাটাগরিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তিভিত্তিক ‘WALL-E’ প্রজেক্ট প্রদর্শন করে প্রতিযোগিতার সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করে স্পর্শ ও সানিয়া।
সামিউ ইমাম স্পর্শের মা ও কেএফটি কলেজিয়েট স্কুলের প্রভাষক বদরুন নাহার লরিন বলেন, ‘আমার ছেলেসহ আমাদের শিক্ষার্থী সানিয়ার এই অসাধারণ সাফল্যে কেএফটি কলেজিয়েট স্কুল অত্যন্ত আনন্দিত ও গর্বিত। শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগীরা এ খবর শুনে আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এ অর্জন শুধু কেএফটি কলেজিয়েট স্কুল, মতলব কিংবা চাঁদপুরের নয়, এটি বাংলাদেশের জন্যও গৌরবের।’
কেএফটি কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ মো. জাকির হোসেন কামাল বলেন, আন্তর্জাতিক অঙ্গনে দেশের পতাকা উজ্জ্বল করা দুই শিক্ষার্থীর এ সাফল্য বাংলাদেশের তরুণ প্রজন্মের মেধা, সৃজনশীলতা ও প্রযুক্তিনির্ভর শিক্ষার সম্ভাবনাকে আরও একবার সামনে নিয়ে এসেছে। ভবিষ্যতেও তাঁদের উদ্ভাবনী কর্মকাণ্ডে প্রতিষ্ঠান পাশে থাকবে এবং সহযোগিতা করবে।
প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীরা তাদের এই সাফল্যের পেছনে শিক্ষক ও অভিভাবকদের সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনার কথা স্মরণ করেন।