হোম > সারা দেশ > চাঁদপুর

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

চাঁদপুর প্রতিনিধি

ঘুষের টাকা গুনছেন শুভ চন্দ্র বর্মণ। ছবি: সংগৃহীত

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় রাজারগাঁও ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক শুভ চন্দ্র বর্মণকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ঘুষ নেওয়ার ভিডিও ছড়িয়ে পড়ার পর এ ব্যবস্থা নেওয়া হয়।

গতকাল রোববার রাতে চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, ৭ অক্টোবর ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। পরে বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যমে ‘হাজীগঞ্জ উপজেলার ১ নম্বর রাজারগাঁও ইউনিয়ন ভূমি অফিসে প্রকাশ্যে ঘুষ লেনদেন’ শিরোনামে সংবাদ ও ভিডিও ফুটেজ প্রকাশিত হয়।

ভিডিওতে অফিস সহায়ক শুভ চন্দ্র বর্মণকে সেবাগ্রহীতাদের কাছ থেকে অর্থ নিতে দেখা যায় বলে অফিস আদেশে উল্লেখ করা হয়।

আদেশে আরও বলা হয়, ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়কের সেবাগ্রহীতাদের কাছ থেকে অর্থ নেওয়ার কোনো আইনি ভিত্তি নেই। সরকারি দায়িত্বে থেকে এ ধরনের কর্মকাণ্ড দুর্নীতিপরায়ণতার শামিল।

সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(খ) অনুযায়ী দুর্নীতিপরায়ণতার অভিযোগে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। একই বিধিমালার ১২(১) বিধি অনুযায়ী তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। জনস্বার্থে জারি করা এই আদেশ গতকাল থেকে কার্যকর হয়েছে।

হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) শুভ চন্দ্র বর্মণের বিরুদ্ধে বিভাগীয় মামলা করার লক্ষ্যে অভিযোগের বিবরণী প্রস্তুত করে জেলা প্রশাসকের কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, স্বচ্ছতা নিশ্চিত করতে ঝটিকা অভিযান ও নজরদারি বাড়ানোর পাশাপাশি সচেতনতার জন্য ভূমি অফিসগুলোতে বার্তাও পাঠানো হয়েছে।