চাঁদপুরে বিদেশি কসমেটিকস ও শিশুদের পণ্যে আমদানিকারকের স্টিকার না থাকা এবং নকল আমদানিকারকের স্টিকার লাগিয়ে বাজারজাতের অভিযোগে এ এস এন্টারপ্রাইজকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ বুধবার দুপুরে চাঁদপুর শহরের নাজিরপাড়া ও বিপণীবাগ এলাকায় অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন।
অভিযুক্ত প্রতিষ্ঠান তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করে। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকারও করে প্রতিষ্ঠানটি। এ সময় বিভিন্ন আমদানিকারকের স্টিকার ধ্বংস করা হয়।
অভিযানকালে অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয়। ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করা হয়।
ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শন এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বা পণ্য বিক্রি না করার নির্দেশনা দেওয়া হয়। অবৈধভাবে পণ্য মজুত করা থেকেও বিরত থাকতে বলা হয়।
অভিযানে চাঁদপুর জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা ও বাজারে অনিয়ম প্রতিরোধে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।