হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুরে জাল নোটসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ১৬টি এক হাজার টাকার জাল নোটসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে স্থানীয় জনতা তাঁদের জাল নোটসহ হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পরে জাল নোটের উৎস ও এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে গ্রেপ্তার ব্যক্তিদের নিয়ে অভিযান চালায় পুলিশ।

আজ সোমবার দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানায় থানা-পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার এখলাছপুর ইউনিয়নের উত্তর বোরচর গ্রামের নিজাম উদ্দিন (৩৯) ও তাঁর স্ত্রী রোজিনা বেগম (৩২)।

চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমানের সার্বিক নির্দেশনায় এবং মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব ও মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়ার তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়।

মতলব উত্তর থানার ওসি মানস বড়ুয়া বলেন, জাল নোটসহ গ্রেপ্তার স্বামী-স্ত্রীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে। জাল নোটের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।