হোম > সারা দেশ > চাঁদপুর

সড়কের পাশে পড়ে ছিল বাসের হেলপারের মরদেহ, শরীরে আঘাতের চিহ্ন

চাঁদপুর প্রতিনিধি

কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে আমির হোসেনের মরদেহ উদ্ধার। ছবি: আজকের পত্রিকা

চাঁদপুরের কচুয়া সীমান্তবর্তী এলাকা থেকে আমির হোসেন (২৬) নামের এক বাসসহকারীর (হেলপার) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার রসুলপুর গ্রামের ঘোষের বাড়ির সংলগ্ন কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আমির হোসেন চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার কাকৈরতলা গ্রামের হাজী বাড়ির বাসিন্দা আজিজুর রহমানের ছেলে। তিনি পেশায় বাসের সহকারী (হেলপার) ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সন্ধ্যা থেকে আমির হোসেনের মোবাইল ফোন বন্ধ পান পরিবারের সদস্যরা। আজ বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দারা মহাসড়কের পাশে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ কর্মকর্তা রাশেদুল হক বলেন, নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাঁর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।