হোম > সারা দেশ > চাঁদপুর

পুকুর ভরাট করে খামারের বর্জ্য, এক লাখ টাকা জরিমানা

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে পুকুর ভরাট করে খামারের বর্জ্য ফেলায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা। ছবি: আজকের পত্রিকা

চাঁদপুর শহরের উত্তর-পশ্চিম বিষ্ণুদী এলাকায় পুকুরের অংশবিশেষ ভরাট করে খামারের বর্জ্য ফেলায় মো. শাহাদাত হোসেন গাজী (৩০) নামের এক ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভরাট করা অংশ খনন করে সেখানকার বর্জ্য পরিবেশসম্মতভাবে অপসারণের জন্য তাঁকে সাত দিনের সময় দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উদ্যোগে শহরের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর-পশ্চিম বিষ্ণুদী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘন করে পুকুরের একটি অংশ ভরাট করে সেখানে গরুর খামারের বর্জ্য ফেলা হচ্ছিল। এ ঘটনায় শাহাদাত হোসেন গাজীকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ভরাট করা অংশ খনন করে সেখানে জমে থাকা বর্জ্য অপসারণ এবং তা পরিবেশসম্মতভাবে ব্যবস্থাপনার জন্য সাত দিনের সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে।

অভিযান পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া।

পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।