হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুরে কাঙালি ভোজ, ছাত্রলীগের নেতা-কর্মীসহ আটক ৯

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে আগস্ট উপলক্ষে আয়োজিত কাঙালি ভোজ চলাকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীসহ ৯ জনকে আটক করেছে সদর মডেল থানা-পুলিশ। আজ শনিবার আনুমানিক বেলা আড়াইটার দিকে পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গুনরাজদী সাঁতানি পাটোয়ারী বাড়ি জামে মসজিদ এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন মধ্য ইচুলী গ্রামের ফারদিন রহমান (১৯), মো. সাকিব (১৭), মো. সাইফ পাটোয়ারী (২১), রিফাত তালুকদার (২০), মধ্য তরপুরচন্ডী গ্রামের মিজানুর রহমান (২৫), ওয়ারলেস মুন্সী বাড়ির ফাহিম মাঝি (১৮), দক্ষিণ গুনরাজদীর মো. শাওন (১৬), হাইমচর উপজেলার নয়ানী পাটোয়ারী বাড়ির মো. জিহান (১৫) এবং মধ্য ইচুলী শেখ বাড়ির মো. মনজুর মাঝি (৫৮)।

পুলিশ জানায়, শোকাবহ আগস্ট উপলক্ষে আয়োজিত কাঙালি ভোজের কার্যক্রম চলাকালে তাঁদের উপস্থিতির বিষয়টি নজরে আসে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নয়জনকে আটক করে থানায় নিয়ে যায়।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, আটক ব্যক্তিদের বিষয়ে তদন্ত ও যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।