চাঁদপুরে পুলিশ পরিচয়ে এক অটোরিকশা চালককে ফ্ল্যাটে আটকে মারধর, এক নারীর সঙ্গে ছবি ও ভিডিও ধারণ এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ভুক্তভোগীকে উদ্ধার করেছে। ঘটনাস্থল থেকে চার নারীকে আটক করা হয়েছে।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ আজ বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন।
ভুক্তভোগী চালক সাইফুল ইসলাম গতকাল মঙ্গলবার দুপুরে বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় মামলা করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, সোমবার বিকেলে চাঁদপুর শহরের মাজহারুল ইসলাম চক্ষু হাসপাতালের সামনে পুলিশ পরিচয়ে সাইফুলের পথরোধ করেন দুই ব্যক্তি। পরে তাঁকে পাশের একটি ভবনের দ্বিতীয় তলায় নিয়ে যাওয়া হয়।
এজাহারে বলা হয়েছে, ভবনের ভেতরে সাইফুলকে মারধর করা হয়। পরে জোর করে এক নারীর সঙ্গে তাঁর ছবি ও ভিডিও ধারণ করা হয়। এসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাঁর কাছে এক লাখ টাকা দাবি করা হয়। তাৎক্ষণিক ২০ হাজার টাকা নেওয়া হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
আটক অবস্থায় কৌশলে এক স্বজনকে ফোন করে বিষয়টি জানান সাইফুল। স্বজনের কাছ থেকে খবর পেয়ে ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাঁকে উদ্ধার করে। অভিযানের সময় চার নারীকে আটক করা হয়। তবে চক্রের পুরুষ সদস্যরা পালিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।
ওসি ফয়েজ আহমেদ বলেন, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। ঘটনার প্রকৃত তথ্য উদ্ঘাটনে তদন্ত করছে পুলিশ।
ওসি আরও বলেন, আটক চার নারীকে আইনগত প্রক্রিয়া শেষে বুধবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে। চক্রটির সঙ্গে আরও কেউ জড়িত কি না এবং তারা আগে এ ধরনের ঘটনা ঘটিয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।