হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও পণ্য বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর সদরের বহরিয়া বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ছবি: সংগৃহীত

চাঁদপুর সদরের বহরিয়া বাজার ও হরিণা ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য সংরক্ষণ, চিকিৎসাবর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, মূল্যতালিকা না রাখা এবং মেয়াদবিহীন পণ্য বিক্রির দায়ে এসব জরিমানা করা হয়।

আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য সংরক্ষণের দায়ে হিরা ডেন্টাল কেয়ার ও ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া চিকিৎসাবর্জ্য ব্যবস্থাপনার নিয়ম যথাযথভাবে অনুসরণ না করায় ফাতেমা মেডিকেল হলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, মূল্যতালিকা না রাখা ও মেয়াদবিহীন পণ্য বিক্রির দায়ে আল্লাহর দান স্টোর এবং কামরুল স্টোরকে ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়। চারটি প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানকালে ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শন, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও পণ্য বিক্রি থেকে বিরত থাকা এবং অবৈধভাবে পণ্য মজুত না করার নির্দেশনা দেওয়া হয়।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল অভিযানে সহযোগিতা করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।