হোম > সারা দেশ > চাঁদপুর

দীপু মনিকে আজ চাঁদপুর আদালতে হাজির করা হবে না

চাঁদপুর প্রতিনিধি

শেখ হাসিনা সরকারের পতনের পর সাবেক মন্ত্রী ও চাঁদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য দীপু মনির বিরুদ্ধে তিন মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় তাঁকে আজ বুধবার গ্রেপ্তার দেখাতে চাঁদপুর আদালতে হাজির করার প্রস্তুতি থাকলেও শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। আইনজীবীসহ ভুক্তভোগীরা বলছেন, আদালতে আনা হলে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের বিভিন্ন ক্ষোভের কারণে তাঁর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ হতে পারে। 

আজ বুধবার দীপু মনিকে চাঁদপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হচ্ছে না বলে আদালতের সিনিয়র আইনজীবী সলিম উল্যাহ সেলিমসহ একাধিক নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছেন। 

চাঁদপুর সদর মডেল থানা ও আদালত সূত্রে জানা গেছে, দীপু মনিসহ আওয়ামী লীগ ও তাঁর সিন্ডিকেটের লোকদের বিরুদ্ধে এ পর্যন্ত চাঁদপুর সদরে তিনটি মামলা হয়েছে। দুটি মামলার তদন্তকারী কর্মকর্তা সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মুকবুল হোসেন এবং অপর মামলার তদন্ত কর্মকর্তা হলেন উপপরিদর্শক (এসআই) লোকমান হোসেন। 

মামলাগুলোর মধ্যে প্রথম মামলাটি হচ্ছে গত ১৮ জুলাই চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের জে এম সেনগুপ্ত রোডের বাসায় হামলা, ভাঙচুর, লুটপাট ও আগুন দেওয়ার ঘটনায় দীপু মনি ও তাঁর ভাই টিপুকে হুকুমের আসামি করে মামলা হয়। 

দ্বিতীয় মামলা চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি হামলার ঘটনায় দীপু মনি, তাঁর ভাই জে আর ওয়াদুদ টিপু ও সেলিম মাহমুদসহ ৬২৪ জনকে আসামি করে মামলা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীর অভিভাবক নুরুল ইসলাম খান। 

চাঁদপুর শহরের পুরোনো বাসস্ট্যান্ডের পূর্ব ও পশ্চিম পাশের সড়ক ভবন এলাকায় বেআইনিভাবে জনতাবদ্ধ হয়ে বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলার ঘটনায় তৃতীয় মামলাটি করা হয়েছে। এই মামলা করেন মোক্তার আহমেদ নামে এক ব্যক্তি। 

দীপু মনিকে চাঁদপুর আদালতে হাজির করার বিষয়ে চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিনিয়র আইনজীবী সলিম উল্লাহ সেলিম বলেন, ‘আজ তিন মামলার আসামি হিসেবে গ্রেপ্তার দেখানোর জন্য দীপু মনিকে চাঁদপুর আদালতে আনার কথা। দীর্ঘ ১৭ বছর তিনি ও তাঁর সিন্ডিকেট মানুষকে অনেক হয়রানি করেছেন। বিক্ষুব্ধ জনতা অপেক্ষায় আছে কবে তাঁকে আদালতে হাজির করা হবে। তবে তাঁর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ হতে পারে এমন শঙ্কায় চাঁদপুর আদালতে হাজির বাতিল করা হয়েছে।’ 

সলিম উল্লাহ আরও বলেন, ‘দীপু মনি ক্ষমতায় থাকাকালীন তাঁর প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশনায় চাঁদপুরে বিএনপি-জামায়াতের ২৩ জন পুলিশের হাতে প্রাণ হারিয়েছেন। নিহতদের পরিবারের সদস্যরা তাঁর বিচার, অত্যাচার, দুর্নীতি ও সীমা লঙ্ঘনের জন্য তাঁকে খুঁজছে। একই সঙ্গে দীপু মনি চাঁদপুরের রাজনীতির সৌহার্দ্য ও সম্প্রীতি নষ্ট করেছেন। আওয়ামী লীগের প্রকৃত নেতা-কর্মীরা ও প্রবীণ আওয়ামী লীগের লোকজন তাঁকে খুঁজছেন এসব প্রশ্নের জবাব নিতে।’

কচুয়ায় সিঁধ কেটে ঘরে ঢুকে বৃদ্ধাকে হত্যা

হাইব্রিড ধানের ফলন বিপর্যয়, শিষহীন খেতে ক্ষতির মুখে কৃষক

ধানুয়া গ্রামে সংঘর্ষের পর পল্লী বিদ্যুতের ডিজিএম অবরুদ্ধ, তদন্ত কমিটি গঠন

বিয়ের দুই মাস পরই ৭ মাসের অন্তঃসত্ত্বা নববধূ, সাবেক প্রেমিক গ্রেপ্তার

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় আহত কিশোরের মৃত্যু

চাঁদপুরে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু

ফরিদগঞ্জে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, গণধোলাই দিয়ে অভিযুক্তকে পুলিশে সোপর্দ

ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ের পরও বাড়তি বিলের চাপ, ফরিদগঞ্জে পিটুনির শিকার পল্লী বিদ্যুতের কর্মী

ফরিদগঞ্জে মাদকের বিস্তার রোধে কার্যকর পদক্ষেপের দাবিতে মানববন্ধন

ফেনী স্টেশনে মেঘনা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, সাড়ে তিন ঘণ্টা পর বিকল্প ইঞ্জিনে চট্টগ্রামের পথে