হোম > সারা দেশ > চাঁদপুর

ফরিদগঞ্জে সেচের মোটরে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

প্রতীকী ছবি

চাঁদপুরের ফরিদগঞ্জে সেচপাম্পের মোটরের বৈদ্যুতিক তার ঠিক করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নিজাম উদ্দিন (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের গাজীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিজাম উদ্দিন গাজীপুর গ্রামের কাজী বাড়ির লতিফ খানের ছেলে। তিনি দুই সন্তানের জনক এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বেলা আড়াইটার দিকে নিজাম উদ্দিন তাঁর সেচপাম্পের মোটরের বৈদ্যুতিক তার ঠিক করতে যান। এ সময় তিনি বিদ্যুতায়িত হয়ে চিৎকার করে ওঠেন। স্থানীয় লোকজন তাঁর চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে তাঁকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখতে পান।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এরশাদ উল্যাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিজাম উদ্দিন একজন ক্ষুদ্র কৃষক। কাজ করার সময় নিজের সেচপাম্পে বিদ্যুতায়িত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।

ওসি বলেন, বিষয়টি দুঃখজনক। এসব কাজে আরও সতর্ক থাকা প্রয়োজন সবার।

পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পারিবারিকভাবে দাফন করা হয়েছে বলে জানান তিনি।