হোম > সারা দেশ > চাঁদপুর

মেঘনায় ইলিশ শিকারের দায়ে ২২ জেলের কারাদণ্ড

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে দণ্ডপ্রাপ্ত জেলে। ছবি: সংগৃহীত

নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে মা ইলিশ শিকারের দায়ে ২২ জেলেকে ১২ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ২৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল, ছয়টি মাছ ধরার নৌকা ও পাঁচ কেজি ইলিশ জব্দ করা হয়। আটক দুই অপ্রাপ্তবয়স্ক জেলেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

আজ সোমবার সকালে চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়।

কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন রিফাত (২৫), রাসেল খান (২৬), দেলোয়ার হোসেন (৬০), সুজন গাজী (৩০), ইদ্রিস আলী (৩৫), নজরুল বেপারী (২৮), মনির মিজি (২৮), শহীদ গাজী (২৯), দেলোয়ার হোসেন মোল্লা (৬০), জাহাঙ্গীর বেপারী (৩৫), সেলিম ফকির (৩০), মো. নজরুল (৩০), কামাল বেপারী (৩৪), লিটন বেগ (৪৫), মাইনুদ্দিন (৪৭), নয়ন শরীফ (১৮), নিজাম প্রধানিয়া (৩৬), মো. রাসেল (৩০), মনির বেপারী (২৮), মোহাম্মদ হোসেন (১৯), রাসেল গাজী (২৫) ও মো. ইকবাল (২২)। তাঁদের বাড়ি চাঁদপুর ও পার্শ্ববর্তী শরীয়তপুর জেলায়।

অভিযানে অংশ নেওয়া সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, মা ইলিশের প্রজনন রক্ষায় গতকাল রোববার বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। জেলা ও উপজেলা পর্যায়ের জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তাদের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে সদর উপজেলার আনন্দবাজার, লালপুর, কাচিকাটা, চিরাচর, হরিসভা, রনাগোয়াল, দোকানঘর ও বহরিয়া এলাকায় অভিযান চালানো হয়। এর মধ্যে চিরাচর এলাকা থেকে ১৮ জন এবং দোকানঘর এলাকা থেকে ছয় জেলেকে আটক করা হয়।

পরে রাত ১২টায় কোস্টগার্ডের চাঁদপুর স্টেশনে ভ্রাম্যমাণ আদালত বসে। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ ইকবাল, মো. রহমত উল্লাহ ও তানভীর রাব্বী আদালত পরিচালনা করেন। আদালত আটক ২২ জেলেকে ১২ দিন করে কারাদণ্ড এবং প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানা করেন। বাকি দুই জেলে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

সহকারী মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান আরও জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জব্দ করা কারেন্টজাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। জব্দ ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়েছে। ছয়টি মাছ ধরার নৌকা কোস্টগার্ডের হেফাজতে রয়েছে।

৪২ লাখ টাকার দোকান নিয়ে মামলা: কারাগারে হাজীগঞ্জ বড় মসজিদের মোতাওয়াল্লি ও তাঁর বাবা

হাইমচরের চরাঞ্চলে ওয়াটার অ্যাম্বুলেন্স ও স্থায়ী বাঁধের দাবি

বাড়ির উঠানে খেলছিল ২ শিশু, পরে পুকুরে মিলল লাশ

প্রবাসীর বাড়ি অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

আসলের মোড়কে নকল প্রসাধনী, স্বাস্থ্যঝুঁকিতে ফরিদগঞ্জের ক্রেতারা

অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণা, চক্রের আরও ৩ জন গ্রেপ্তার

মেঘনায় ইলিশ শিকারের দায়ে ৩০ জেলের কারাদণ্ড

চাঁদপুরে ১০ মণ ইলিশসহ ২১ জেলে গ্রেপ্তার, ৬ নৌকা জব্দ

চাঁদপুর পাসপোর্ট অফিসে এমপি মানিকের ঝটিকা অভিযান, ৩ দালাল আটক

চাঁদপুরে কসমেটিকস ও শিশুদের পণ্যে স্টিকার জালিয়াতির অভিযোগে জরিমানা