হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুরে ইউপি কার্যালয়ে হামলা-লুটপাট মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি

গ্রেপ্তার মো. কামাল হাজী। ছবি: সংগৃহীত

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শাহমাহমুদপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মো. কামাল হাজীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ রোববার (২০ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ।

এর আগে গতকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শাহমাহমুদপুর ইউনিয়নের মহামায়া বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ডিবি পুলিশ কামাল হাজীকে গ্রেপ্তার করে সদর মডেল থানায় হস্তান্তর করেছে। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট রাত আনুমানিক ৯টার দিকে শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ২০২৪ সালের ২৭ আগস্ট পরিষদের গ্রাম পুলিশ মোহাম্মদ আলী বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় ২৮ জনের নাম উল্লেখ করে মামলা করেন।

মামলার এজাহারে অভিযোগ করা হয়, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হাজীর নেতৃত্বে প্রায় ২০০ থেকে ২৫০ জনের একটি দল ইউনিয়ন পরিষদে অনধিকার প্রবেশ করে। তাদের হাতে রামদা, ছেনি, লোহার রড, জিআই পাইপ, শাবল, কুড়াল ও হকিস্টিকসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ছিল বলে এজহারে উল্লেখ করা হয়।

অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা ইউনিয়ন পরিষদের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে বিভিন্ন মালামাল ভাঙচুর করে। পরে পরিষদ থেকে কম্পিউটার, ল্যাপটপ, সিসি ক্যামেরা, প্রজেক্টর সেট, আলমিরা, প্রিন্টার, লেমিনেটিং মেশিন ও ফটোকপি মেশিনসহ ৩৭ ধরনের মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

চাঁদপুর সদর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ বলেন, কামাল হাজীর বিরুদ্ধে থাকা মামলাগুলো পর্যালোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এরপর তাঁকে আদালতে সোপর্দ করা হবে।