হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুরে ৩ বিচারকের প্রত্যাহার দাবিতে আইনজীবীদের বিক্ষোভ অব্যাহত

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। ছবি: আজকের পত্রিকা

চাঁদপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ ও সদর সিনিয়র সিভিল জজের বিরুদ্ধে অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং অশোভন আচরণের অভিযোগ তুলে তাঁদের অবিলম্বে প্রত্যাহারের দাবিতে আজ মঙ্গলবারও বিক্ষোভ মিছিল করেছেন জেলা আইনজীবী সমিতির সদস্যরা।

আজ বেলা সাড়ে ১১টায় চাঁদপুর জেলা জজ আদালত প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। সমিতির সভাপতি অ্যাডভোকেট শামছুল ইসলাম মন্টুর সভাপতিত্বে নেতা ও আইনজীবীরা বক্তব্য দেন।

অ্যাডভোকেট শামছুল ইসলাম মন্টু বলেন, ‘আইনজীবীদের সঙ্গে সমন্বয় করে কাজ করার কথা থাকলেও বিচারকেরা আমাদের সেই কাজে বাধা দিয়েছেন। যে কারণে আমাদের এই আন্দোলন। যতক্ষণ পর্যন্ত দাবি বাস্তবায়িত না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের জেলা আইনজীবী সমিতির এই আন্দোলন চলবে। তাই আগামীকালও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করলাম।’

অ্যাডভোকেট শামছুল ইসলাম আরও বলেন, ‘আইনজীবী বন্ধুরা, আপনারা কর্মসূচিতে অংশগ্রহণ করে সফল করবেন। আমরা ছাত্র আন্দোলন করেছি। সেখান থেকে আজকে আমরা এ পর্যায়ে পৌঁছেছি। আন্দোলন কীভাবে করতে হয়, সেটি আমাদের জানা আছে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।’

বিক্ষোভ মিছিলের আগে আরও বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জাকির হোসেন তালুকদার ফয়সাল, সাবেক সভাপতি অ্যাডভোকেট বাবর ব্যাপারী ও সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জসিম মেহেদী।

পরে আইনজীবীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল আদালত ও জেলা প্রশাসক কার্যালয় এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

এর আগে গত রোববার ও গতকাল সোমবারও তিন বিচারকের প্রত্যাহারের দাবিতে আদালত প্রাঙ্গণে প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করেন আইনজীবীরা।

৯ সেপ্টেম্বর জেলা আইনজীবী সমিতি প্রায় সাড়ে চার শ আইনজীবীর উপস্থিতিতে অনুষ্ঠিত জরুরি সাধারণ সভায় তিন বিচারকের আদালত বর্জনের সিদ্ধান্ত নেয়।

ওই তিন বিচারক হলেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১-এর বিচারক পলাশ বর্ধন ও সদর সিনিয়র সিভিল জজ আদালতের বিচারক শম্পা ইসলাম।