চাঁদপুর পৌরসভার ফেলে দেওয়া বর্জ্য থেকে ডিজেল উৎপাদনের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে। পরিবেশদূষণ কমানো ও বর্জ্য ব্যবস্থাপনা আধুনিক করার লক্ষ্যে জাপান-আসিয়ান ইকোনমিক কো-অপারেশন অ্যাসোসিয়েশনের (জেএসিইএ) টোকিওর সহযোগিতায় এ প্রকল্প নেওয়া হয়েছে। চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকার স্বর্ণিখোলা পৌরসভার ডাম্পিং স্থানে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
উদ্বোধনের পর জেলা প্রশাসক বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রক্রিয়া ও ব্যবহৃত প্রযুক্তি ঘুরে দেখেন। এ সময় তিনি জাপানি প্রতিনিধি ও প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে কার্যক্রমের অগ্রগতি, প্রযুক্তিগত দিক এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে খোঁজ নেন।
জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, প্রতিদিন বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বিপুল পরিমাণ বর্জ্য তৈরি হচ্ছে। এসব বর্জ্য সঠিকভাবে ব্যবস্থাপনা করা না গেলে পরিবেশ ও জনস্বাস্থ্যের ক্ষতি হয়। তাই বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের এ উদ্যোগ অত্যন্ত সম্ভাবনাময়।
জেলা প্রশাসক আরও বলেন, পরীক্ষামূলক কার্যক্রম সফল হলে পরিবেশ সুরক্ষার পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনা তৈরি হবে। আধুনিক ও পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করে ফেলে দেওয়া বর্জ্যকে সম্পদে পরিণত করা সম্ভব।
অনুষ্ঠানে জাপান-আসিয়ান ইকোনমিক কো-অপারেশন অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান তাকাহাশি শিনসুকে, পরিচালক জুনজি সুয়েনাগা, প্রকল্প প্রকৌশলী শিমোহাশি হিদাকি, নাগাহাসি ইউইয়া ও ওকেবো তসিহারু উপস্থিত ছিলেন।
এ ছাড়া চাঁদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাদ্রী খীসা, নির্বাহী প্রকৌশলী সুজিত বড়ুয়া, প্রশাসনিক কর্মকর্তা মফিজ উদ্দিন হাওলাদার, প্রকল্প সমন্বয়কারী শাহজাহান আলী শাওন, দোভাষী ওবায়দুর রহমান রতন এবং কাজল মজুমদার অপু উপস্থিত ছিলেন।