চাঁদপুরে সাগরিকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তায়েবা আক্তার (১৪) নামে নবম শ্রেণিতে পড়ুয়া এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে শহরের ছায়াবাণী রেল ক্রসিংয়ের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি চাঁদপুর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়। ছায়াবাণী রেল ক্রসিং পার হলে রেললাইন পারাপারের সময় ট্রেনের নিচে কাটা পড়ে তায়েবা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ঘটনাস্থল থেকে একটি পরিচয়পত্র উদ্ধার করে রেলওয়ে পুলিশ।
পরিচয়পত্র অনুযায়ী নিহত তায়েবা আক্তার চাঁদপুর সদরের বিষ্ণুদী ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী। পরিচয়পত্রে তার বাবা তাজুল ইসলাম ও মা আমেনা বেগমের নাম উল্লেখ রয়েছে।
রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব কর বলেন, ঘটনাস্থল থেকে নিহত ছাত্রীর মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরে তার অভিভাবকেরা থানায় এসেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তাঁদের কাছে হস্তান্তর করা হবে।