হোম > সারা দেশ > চাঁদপুর

নিখোঁজের চার দিন পর ফসলি জমিতে মিলল ১০৫ বছরের বৃদ্ধার লাশ

চাঁদপুর প্রতিনিধি

প্রতীকী ছবি

চাঁদপুরের মতলব পৌর এলাকায় নিখোঁজের চার দিন পর রিকাবি বেগম (১০৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুর ১২টার দিকে পৌরসভার উত্তর বাইশপুর এলাকার ধনাগোদা নদীর পূর্ব পাড়ের একটি ফসলি জমি থেকে পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৮টার দিকে ওই এলাকার এক নারী বাড়ির ময়লা পানি ফেলতে গিয়ে ফসলি জমিতে মরদেহটি পানিতে ভাসতে দেখেন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উদ্ধারের পর প্রথমে মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি রিকাবি বেগমের বলে শনাক্ত করেন। তিনি মতলব পৌরসভার চরমুকুন্দি এলাকার সওদাগর বাড়ির মৃত আমির আলী সওদাগরের স্ত্রী।

পরিবারের সদস্যরা জানান, ১৬ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে রিকাবি বেগম বাড়ি থেকে বের হন। এরপর আর ফেরেননি। স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। পরে পৌর এলাকা ও উপজেলার বিভিন্ন স্থানে মাইকিং করে তাঁর সন্ধান চাওয়া হয়।

নিহতের ছেলে বাচ্চু মিয়া সওদাগর বলেন, তাঁর মা মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং চোখেও কম দেখতেন। এর আগেও তিনি কয়েকবার বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়েছিলেন। এবার নিখোঁজের পর চারদিন ধরে তাঁরা তাঁকে খুঁজছিলেন।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।