চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ঝড়-বৃষ্টির সময় গাছ ভেঙে টিনের ঘরের ওপর পড়ে মো. ফয়েজ (১১) নামের এক শিশু নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল পৌনে ৬টার দিকে উপজেলার গজরা ইউনিয়নের টরকিকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
ফয়েজ ওই গ্রামের আবু তাহেরের ছেলে। সে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।
জানা গেছে, আজ সকালে ফয়েজ বসতঘরের একটি কক্ষে একা ঘুমিয়ে ছিল। এ সময় ঝড়-বৃষ্টি শুরু হলে ঘরের পাশের একটি বড় গাছ ভেঙে টিনের চালের ওপর আছড়ে পড়ে। এতে চাল দুমড়েমুচড়ে নিচে পড়ে যায়। গাছের একটি অংশ ফয়েজের মাথা ও শরীরের ওপর পড়ে। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন অংশ থেঁতলে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারায় সে।
ফয়েজের বাবা আবু তাহের বলেন, ‘এভাবে ছেলেটা মইরা যাইব, তা কখনো ভাবি নাই। ভাঙাচোরা ঘর হওয়ায় গাছসহ চাল ভাইঙা পড়ে। ছেলেরে ছাড়া আমি ক্যামনে বাঁচুম, আমার সব শেষ।’
নিহত ফয়েজের দাদি মমিনা খাতুন বলেন, ‘রাতে আমার পাশে ঘুমাইছিল ফয়েজ। ভোরে ফজরের আজান আর তুফানের শব্দে আমার ঘুম ভাঙে। আমি ওরে উঠতে বলছিলাম। তখন সে কইছিল, আমি একটু পরে উঠতেছি। এরপর আমি দরজা খুলে বাইরের দিকে তাকাইতেই হঠাৎ বিকট শব্দ হয়। কিছু বুঝে ওঠার আগেই একটা বড় গাছ ঘরের ওপর ভেঙে পড়ে। গাছটা সরাসরি আমার নাতির গায়ের ওপর পড়ে। আমার চোখের সামনেই সব শেষ হইয়া গেল। আমার নাতিডারে আর বাঁচাইতে পারলাম না।’
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল হাসান বলেন, এ ঘটনায় থানায় কোনো মামলা বা লিখিত অভিযোগ হয়নি। পরিবারের আবেদনের পর লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।