হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিখোঁজের দুই দিন পর মীম (৭) নামের এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের বিদ্যাকুট গ্রামে পুকুরের পাশের ঝোপঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সে ওই গ্রামের মিজানুর রহমানের মেয়ে ও স্থানীয় নুরানি মাদ্রাসার ছাত্রী।

নিহত শিশুর পরিবার জানায়, মীম গত শনিবার সকালে নানাবাড়ি যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাচ্ছিলেন না। পরে পরিবারের লোকজন মীমের নিখোঁজের বিষয়ে নবীনগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

আজ বিকেলে বিদ্যাকুট বড় বাড়ির পুকুরপাড়ের ঝোপে শিশু মীমের অর্ধগলিত মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, ‘গত দুই দিন আগে একটি শিশু নিখোঁজের খবর আমরা পেয়েছি। এর পর থেকে আমাদের টিম বিভিন্ন স্থানে খোঁজ করেছে। আজ শিশুটির অর্ধগলিত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। যেহেতু মরদেহটি অর্ধগলিত অবস্থায় উদ্ধার করা হয়েছে, সে জন্য মৃত্যুর কারণ ময়নাতদন্তের পর বলা যাবে। ঘটনাটির তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’