ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎ বিভাগের একটি অভিযোগ কেন্দ্রে হামলা ও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শহরের দাতিয়ারায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ব্রাহ্মণবাড়িয়া বিতরণ বিভাগ-১-এর অভিযোগ কেন্দ্রে কয়েকজন এসে হামলা চালিয়ে কাচের দরজা ভাঙচুর করে। ঘটনার খবর পেয়ে বুধবার দুপুরে পুলিশ ঘটনান্থল পরিদর্শন করেছে।
অভিযোগ কেন্দ্রে কর্তব্যরত কর্মচারী খলিলুর রহমান জানান, হামলার সময় তিনি ছাড়া অভিযোগ কেন্দ্রে কেউ ছিলেন না। স্টাফরা তিন জায়গায় ট্রান্সফরমারের ফিউজ ঠিক করার কাজে ছিলেন। তখনই তিন-চারজন লোক এসে দরজাটি ভেঙে চলে যায়।
বিতরণ বিভাগ-১-এর প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম জানান, ধারণা করা হচ্ছে চলমান লোডশেডিংয়ের কারণে এই ভাঙচুরের ঘটনা ঘটেছে। বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে। ইতিমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
বুধবার দুপুরের দিকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ব্রাহ্মণবাড়িয়া বিতরণ বিভাগ-১ এলাকায় বিদ্যুতের চাহিদা ছিল ৩০ মেগাওয়াট। এর বিপরীতে সরবরাহ ছিল ১১ মেগাওয়াট। অর্থাৎ চাহিদার ৩ ভাগের ১ ভাগ বিদ্যুৎও মিলছে না। এই বিতরণ বিভাগের অধীন এলাকায় ৮টি ১১ কেভি লাইনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ হয়। এর মধ্যে গড়ে পাঁচটি লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকছে বলে জানান বিদ্যুৎ কর্মকর্তারা। আর এতে ক্ষুব্ধ হয়ে উঠেছেন গ্রাহকেরা।