হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় এবার দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিহত যুবকের মরদেহ। ছবি: আজকের পত্রিকা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পুকুরের জায়গা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নাজিমুল্লাহ নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আজ শুক্রবার বিকেলে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের বুড়িশ্বর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত নাজিমুল্লাহ (২২) বুড়িশ্বর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুড়িশ্বর গ্ৰামের আব্দুল আউয়াল এবং ফজলু মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে একটি পুকুরের জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। আজ দুপুরে উভয় পক্ষই তাদের লোকজন নিয়ে বিরোধপূর্ণ পুকুরপাড়ের সামনে যায়। কথা-কাটাকাটি ও উত্তেজনার একপর্যায়ে বিকেলের দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।

সংঘর্ষে নাজিমুল্লাহ গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত অন্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় পুরো এলাকাজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।

এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।