বগুড়ার ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়ন জামায়াতে ইসলামীর রুকন মোশাররফ হোসেনের রুকনিয়াত (সদস্যপদ) বাতিল করা হয়েছে। সংগঠনের নীতি ও আদর্শপরিপন্থী কাজে সম্পৃক্ততা এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে গতকাল শনিবার রাতে জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখার প্রচার সম্পাদক নূর মোহাম্মদ আবু তাহেরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
মোশাররফ হোসেন নিমগাছি ইউনিয়ন জামায়াতের রুকনের দায়িত্বে ছিলেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তাঁর বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ এবং সংগঠনের নীতি ও আদর্শপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তবে কী ধরনের অভিযোগ তাঁর বিরুদ্ধে আনা হয়েছে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে বিস্তারিত উল্লেখ করা হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোশাররফ হোসেনের বিরুদ্ধে এক নারীকে শ্লীলতাহানির অভিযোগ রয়েছে। ঘটনাটি এলাকায় জানাজানি হলে তিনি ওই নারীকে বিয়ের চেষ্টা করেন।
ধুনট উপজেলা জামায়াতের পক্ষ থেকে গত ২৯ জুলাই বগুড়া জেলা জামায়াতের কর্মপরিষদের কাছে এ বিষয়ে অভিযোগ দেওয়া হয়। ওই অভিযোগের ভিত্তিতে গত ৩০ জুলাই অনুষ্ঠিত বগুড়া জেলা কর্মপরিষদের বৈঠকের সুপারিশ অনুযায়ী মোশাররফ হোসেনের রুকনিয়াত বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ছাড়া মোশাররফ হোসেনের সঙ্গে দলটির সব ধরনের সাংগঠনিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে স্থগিত করা হয়েছে। পাশাপাশি তাঁর ব্যক্তিগত বক্তব্য, কার্যক্রম বা কর্মকাণ্ডের দায় সংগঠন নেবে না বলেও সিদ্ধান্ত হয়েছে।
ধুনট উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল করিম বলেন, সংগঠনের নীতি ও আদর্শপরিপন্থী কাজে সম্পৃক্ততার অভিযোগে নিমগাছি ইউনিয়ন জামায়াতের রুকন মোশাররফ হোসেনের বিরুদ্ধে জেলা জামায়াতের কর্মপরিষদের কাছে অভিযোগ দেওয়া হয়। সেই অভিযোগের ভিত্তিতে তাঁর রুকনিয়াত বাতিল করা হয়েছে। এ ছাড়া সংগঠনের সঙ্গে সব প্রকার কার্যক্রম স্থগিত করা হয়েছে।