হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় ১২ ট্রাকচালককে ১৫ হাজার টাকা জরিমানা

ধুনট (বগুড়া) প্রতিনিধি

ধুনট-শেরপুর বাইপাস সড়কে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। ছবি: আজকের পত্রিকা

বগুড়ার ধুনট-শেরপুর আঞ্চলিক মহাসড়কে বালুবাহী ১২টি ট্রাক আটক করে চালকদের কাছ থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টা থেকে ১২টা পর্যন্ত ধুনট-শেরপুর বাইপাস সড়কে এই অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন।

উপজেলা ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, প্রতিদিন অতিরিক্ত বালুভর্তি ১০ চাকার ট্রাক ধুনট উপজেলার আঞ্চলিক মহাসড়ক দিয়ে অবৈধভাবে চলাচল করে। অতিরিক্ত ওজনের এসব ট্রাকের কারণে সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে গতকাল শুক্রবার রাতে ধুনট-শেরপুর আঞ্চলিক মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। অভিযান চলার সময় অতিরিক্ত বালুবাহী ১০ চাকার ১২টি ট্রাক আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১২টি ট্রাকের চালকদের কাছ থেকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম আব্দুল্লাহ আল মামুন জানান, ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১২টি ট্রাকের চালককে আটক করে জরিমানা আদায় করা হয়েছে। বালুপরিবহন না করা শর্তে মুচলেকা নিয়ে ট্রাকচালকদের ছেড়ে দেওয়া হয়েছে।