বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেললাইনের পাশ থেকে এক যুবকের খণ্ডবিখণ্ড মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে রেললাইনের ওপর মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা সান্তাহার রেলওয়ে থানায় খবর দেন। পরে সকাল ১০টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে উপজেলার হেলালিয়ার স্টেশনের উত্তর পাশে এ ঘটনা ঘটে। স্থানীয়দের ধারণা, রাতের কোনো একসময় ওই যুবক ট্রেনে কাটা পড়েন। এতে তাঁর শরীর খণ্ডবিখণ্ড হয়ে যায়। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।
এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হেলালিয়ার স্টেশনের উত্তর পাশ থেকে নিহতের খণ্ডবিখণ্ড মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।