বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের প্রসাদখালী গ্রামের কাছে প্রায় ৫০০ মিটার একটি সড়কের নির্মাণকাজ আড়াই বছরেও শেষ হয়নি। ফলে প্রসাদখালীসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছে। সড়কটির তদারকির দায়িত্বে রয়েছে আদমদীঘি উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি)।
এলজিইডি সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ডিসেম্বর মাসে সড়ক নির্মাণকাজের উদ্বোধন করা হয়। সড়কটি নির্মাণে ৪০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। কাজটি বাস্তবায়নের দায়িত্ব পায় ‘মোল্লা ট্রেডার্স’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
স্থানীয় বাসিন্দা অরুণ কুমার, গোপাল চন্দ্র ও জুয়েল হোসেনসহ অনেকেই অভিযোগ করেন, শুরু থেকেই ঠিকাদার নির্মাণকাজে গড়িমসি করছেন। কাজ শুরু করে দীর্ঘ সময় সড়ক খনন করে ফেলে রাখা হয়। বর্ষা মৌসুমে ওই খনন করা অংশে পানি জমে মানুষের চলাচলে মারাত্মক ভোগান্তি তৈরি হয়।
পরে আবার কাজ শুরু হলে ঠিকাদার অন্য স্থান থেকে নিম্নমানের বালি মিশ্রিত খোয়া এনে সড়কে ফেলতে শুরু করেন। এ সময় স্থানীয়রা বাধা দেন এবং বিষয়টি উপজেলা প্রকৌশলীকে জানান। অভিযোগের সত্যতা পাওয়ায় উপজেলা প্রকৌশলী ওই খোয়া ফেলার কাজ বন্ধ করে দেন। এরপর নতুন করে খোয়া ফেলা হলেও সড়কের নির্মাণকাজ আবারও বন্ধ হয়ে যায়।
প্রসাদখালী গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার বলেন, ‘মাত্র আধা কিলোমিটার সড়ক নির্মাণে এত সময় লাগার কোনো কারণ নেই। ঠিকাদার ইচ্ছাকৃতভাবে কাজ ফেলে রেখে এলাকাবাসীকে দুর্ভোগে ফেলেছেন।’ তিনি দ্রুত সড়কের কাজ শেষ করার দাবি জানান।
এ বিষয়ে জানতে মোল্লা ট্রেডার্সের ঠিকাদারের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।
আদমদীঘি উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের প্রকৌশলী রিপন কুমার সাহা বলেন, ‘সড়কটির নির্মাণকাজ বন্ধ থাকায় এলাকাবাসী দীর্ঘদিন ধরে দুর্ভোগে রয়েছেন। ঠিকাদারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। অচিরেই সড়কটির নির্মাণকাজ শেষ করা হবে।’