হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রতীকী ছবি

বগুড়ার শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের জয়নগর হাটখোলা পাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. শাহাদত হোসেন (৪৫) জয়নগর হাটখোলা পাড়া এলাকার আবেদ আলীর ছেলে। তিনি গাড়ীদহ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর সন্ধ্যায় উপজেলার গাড়ীদহ এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে একটি ভ্যানে অগ্নিসংযোগ করেন দুর্বৃত্তরা। এ ঘটনায় গত ১৫ নভেম্বর গাড়ীদহ ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের বাসিন্দা মো. আমির হামজা বাদী হয়ে শেরপুর থানায় মামলা করেন। মামলায় সাবেক দুই সংসদ সদস্য মো. হাবিবুর রহমান ও মজিবর রহমান মজনুসহ ১০৮ জনকে আসামি করা হয়েছে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন জানান, শাহাদত হোসেন ওই মামলার এজাহারভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার দুপুরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।