হোম > সারা দেশ > বগুড়া

বালুবাহী ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বড় ভাইয়ের, গুরুতর আহত ছোট ভাই

ধুনট (বগুড়া) প্রতিনিধি

ধুনট থানার ভেতরে নিহত সোহেল রানার পরিবারের সদস্যদের আহাজারি। ছবি: আজকের পত্রিকা

বগুড়ার ধুনটে বালুবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সোহেল রানা নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ছোট ভাই ও মোটরসাইকেল আরোহী রাব্বি মিয়া গুরুতর আহত হয়েছে। আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে ধুনট-শেরপুর সড়কের বথুয়াবাড়ী গ্রামের মোজাফফর ফকিরের বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সোহেল রানা (২৫) ও আহত রাব্বি মিয়া (১৪) শেরপুর উপজেলার হামছাপুর মুন্সিপাড়া গ্রামের মৃত বাবুল মিয়ার ছেলে। নিহত সোহেল পেশায় একজন অটোমোবাইল শ্রমিক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে ছোট ভাই রাব্বিকে সঙ্গে নিয়ে ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামে শ্বশুরবাড়িতে যান সোহেল রানা। সেখান থেকে বুধবার ভোর ৫টার দিকে মোটরসাইকেলে করে তাঁরা নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন। পথে ধুনট-শেরপুর সড়কের বথুয়াবাড়ী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক সোহেল রানা নিহত হন। স্থানীয় লোকজন এগিয়ে আসার আগেই চালক ট্রাকটি নিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যান। পরে স্থানীয়রা আহত রাব্বি মিয়াকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত যুবকের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া ঘাতক ট্রাকটি শনাক্ত ও চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।