বগুড়ার নন্দীগ্রামে শারীরিক প্রতিবন্ধী শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা সুপার দুলাভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার বাকী বিল্লাহ (৫২) নন্দীগ্রাম উপজেলার গছাইল দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট। গতকাল বুধবার রাতে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, বাকী বিল্লাহর চাচাতো শ্যালিকা শারীরিক প্রতিবন্ধী। বাকী বিল্লাহ মাঝেমধ্যেই চাচাশ্বশুরের বাড়ি বেড়াতে যেতেন। গত ২১ জানুয়ারি বিকেলে চাচাশ্বশুরের বাড়িতে কেউ না থাকার সুযোগে শারীরিক প্রতিবন্ধী শ্যালিকাকে তিনি ধর্ষণ করেন। কিছুদিন পর তাঁর শারীরিক পরিবর্তন দেখা দিলে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়।
পুলিশ আরও জানায়, পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক জানান, ওই যুবতী ১৪ সপ্তাহের অন্তঃসত্ত্বা। এই ঘটনায় বাকী বিল্লাহর চাচাশ্বশুর বাদী হয়ে ২৫ জুন আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে ১ জুলাই থানায় মামলা নথিভুক্ত করা হয় এবং রাতেই বাকী বিল্লাহকে গ্রেপ্তার করা হয়।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার বাকী বিল্লাহকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।