বগুড়ায় পুকুরে কচুরিপানার নিচে বস্তাবন্দী অবস্থায় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি এতটাই পচে গেছে যে, মুখমণ্ডল প্রায় কঙ্কালসার হয়ে গেছে।
আজ বুধবার দুপুরে বগুড়া শহরের মালগ্রাম দীঘিরপাড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।
স্থানীয় বাসিন্দারা জানান, আজ বুধবার বেলা ২টার দিকে এক ব্যক্তি মালগ্রাম দীঘিরপাড় এলাকায় ঘাস কাটতে যান। এ সময় দুটি কুকুরকে মারামারি করতে দেখে তিনি সেদিকে এগিয়ে যান। তখন কচুরিপানা দিয়ে ঢাকা একটি বস্তা দেখতে পান তিনি। বস্তা থেকে তীব্র দুর্গন্ধ বের হচ্ছিল। সন্দেহ হওয়ায় তিনি আশপাশের লোকজনকে খবর দেন। পরে বস্তার ভেতরে মানুষের পচা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে বগুড়া সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বেলা সাড়ে ৩ টার দিকে মরদেহটি উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দা রিফাত হাসান বলেন, পুলিশ আসার পর আমরা সেখানে যাই। লাশটি একেবারে পচে গেছে। মুখটা পুরোপুরি কঙ্কাল হয়ে গেছে। এমন ঘটনায় এলাকার মানুষ আতঙ্কিত। আমরা চাই, পুলিশ দ্রুত ঘটনার রহস্য উদ্ঘাটন করে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনুক।
বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) জাহেদুল ইসলাম বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে মালগ্রাম পুকুরপাড় থেকে বস্তাবন্দী মরদেহটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি অন্তত এক সপ্তাহ আগের।
এসআই আরও বলেন, নিহত ব্যক্তির নাম পরিচয় এখনো জানা যায়নি। মরদেহ শনাক্তের জন্য পিবিআই ও সিআইডিকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে এসে আঙুলের ছাপসহ বিভিন্ন প্রযুক্তিগত পরীক্ষার মাধ্যমে মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা করবে।