বগুড়ার শাজাহানপুরে মাকসুদুর রহমান নান্নু নামে এক এনজিও কর্মকর্তাকে অফিস থেকে অপহরণের ৭ ঘণ্টা পর গাবতলী থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই জনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন শাজাহানপুর উপজেলার গোহাইল গ্রামের দেলোয়ার হোসেন (২৩) ও বগুড়া সদরের আশোকোলা গ্রামের কৌশিক আব্দুল্লাহ (২৪)।
সোমবার (৮ জুন) রাত ৮ টার দিকে গাবতলী উপজেলার উজগ্রাম এলাকা থেকে অপহৃত এনজিও কর্মকর্তা মাকসুদুর রহমান নান্নুকে উদ্ধার করা হয়।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল এতথ্য নিশ্চিত করেছেন।
এর আগে দুপুর দেড়টার দিকে শাজাহানপুর উপজেলার গোহাইল এলাকায় দুস্থ মহিলা সংস্থা নামের এনজিও অফিস থেকে তাকে অপহরণ করা হয় ।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে গাবতলী উপজেলার উজগ্রাম এলাকায় অভিযান শুরু করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা মাকসুদুর রহমান নান্নুকে ছেড়ে দেয়। পরে পুলিশ প্রাইভেট কারসহ দুইজনকে আটক করে। এ ঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।