হোম > সারা দেশ > ভোলা

ভোলায় নতুন কূপ থেকে পরীক্ষামূলক গ্যাস উত্তোলন শুরু

ভোলা প্রতিনিধি

ভোলায় নতুন আরেকটি কূপ থেকে পরীক্ষামূলকভাবে গ্যাস উত্তোলন শুরু হয়েছে। আজ শুক্রবার সকালে ভোলা সদরের ইলিশা ইউনিয়নে অবস্থিত জেলার নবম গ্যাসকূপ ‘ইলিশা-১’ থেকে এই উত্তোলন শুরু হয়। আগামী ১৫ মে থেকে আনুষ্ঠানিকভাবে এর উত্তোলন কার্যক্রম শুরু করা হতে পারে। বিষয়টি নিশ্চিত করেছেন কূপটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানির (বাপেক্স) ভূতাত্ত্বিক বিভাগের জিএম মো. আলমগীর হোসেন। 

তিনি আরও জানান, আজ শুক্রবার সকাল ৭টায় অগ্নি ব্যবস্থাপনার মাধ্যমে পরীক্ষামূলকভাবে কূপটিতে গ্যাস উত্তোলন শুরু করে বাপেক্স। বাপেক্সের তত্ত্বাবধানে গ্যাস তোলার কাজ করছে রাশিয়ার তেল-গ্যাস কোম্পানি ‘গ্যাজপ্রম’। গত ৯ মার্চ ‘ইলিশা-১’ কূপের খননকাজ শুরু করেছিল প্রতিষ্ঠানটি। 

মাটির ৩ হাজার ৪৩৩ মিটার গভীরতায় কূপটিতে গ্যাসের সন্ধান পাওয়া গেছে জানিয়ে আলমগীর হোসেন বলেন, এটি প্রায় চার কিলোমিটারজুড়ে বিস্তৃত। এখানে ১৮০ থেকে ২০০ বিলিয়ন কিউবিক ফিট (বিসিএফ) গ্যাসের মজুত থাকার সম্ভাবনা রয়েছে। 

ভোলার ‘শাহবাজপুর’ ও ‘ভোলা নর্থ’ নামের দুটি গ্যাসক্ষেত্রে এ পর্যন্ত মোট ৯টি কূপ খনন করা হয়েছে। এসব কূপে ১ দশমিক ৭ ট্রিলিয়ন কিউবিক ফুট (টিসিএফ) গ্যাস মজুত রয়েছে বলে ধারণা করা হয়। ভোলায় বড় ধরনের গ্যাসে মজুত পাওয়ায় ত্রিমাত্রিক ভূকম্পন জরিপের মাধ্যমে আরও গ্যাসক্ষেত্র আবিষ্কারের সম্ভাবনা দেখছে বাপেক্স। সংস্থাটি জানায়, গ্যাসের সম্ভাব্যতা যাচাই করতে চলতি বছরের অক্টোবর মাস থেকে নতুন করে তেল-গ্যাস অনুসন্ধান করবে বাপেক্সের ভূতাত্ত্বিক বিভাগ। 

১৯৯৪ সালে ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নে প্রথম শাহবাজপুর গ্যাস কূপের সন্ধান পাওয়া যায়। উৎপাদন সূচনা হয় ১৯৯৫ সালের দিকে। এর পর থেকে ভোলায় একের পর এক গ্যাসের সন্ধান পাওয়ায় নতুন করে সম্ভাবনা দেখছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড বাপেক্স।

পুলিশের ওপর হামলার মামলায় তিন বছর পর গ্রেপ্তার প্রধান শিক্ষক

বোরহানউদ্দিনে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে: তথ্যমন্ত্রী

ভোলায় বিদ্যুতায়িত হয়ে দুই ভাইয়ের মৃত্যু

মাদকাসক্তদের ধরে পুলিশে দেওয়ার আহ্বান স্পিকারের

ভোলায় স্কুলব্যাগে ৬ কেজি গাঁজা, যুবক আটক

ভোলায় গণপিটুনিতে যুবকের মৃত্যু, ১১ জনের বিরুদ্ধে মামলা

অর্থাভাবে চিকিৎসা করাতে না পারা ৭ শতাধিক রোগী পেলেন বিনা মূল্যের সেবা

নদী-চর-সবুজের সঙ্গে কুয়াশার মিতালি, ভ্রমণপিপাসুদের ডাকছে মনপুরা

ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে বিধবার সোনার দুল নিয়ে উধাও