হোম > সারা দেশ > ভোলা

ভোলায় এক হাজার ৪০০ পিস ইয়াবাসহ নারী আটক

ভোলা প্রতিনিধি

ভোলায় এক হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোছা. রুমি (২৪) নামের এক নারীকে আটক করেছে কোস্ট গার্ড। আটক রুমি চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার সেগুনবাগান ইউনিয়নের কালাবাইজাবুনিয়া লিচুবাগান গ্রামের আ. রহিমের মেয়ে।

আজ বুধবার বিকেলে এ তথ্য জানান কোস্ট গার্ড দক্ষিণ (ভোলা) জোনের মিডিয়া কর্মকর্তা লে. মো. সালমান বিন শওকত।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড বেস দক্ষিণ (ভোলা) জোনের সদস্যরা বুধবার সকাল ৮টায় ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের ইলিশা লঞ্চঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন ওই এলাকা থেকে ৭ লাখ টাকা মূল্যের এক হাজার ৪০০ পিস ইয়াবাসহ মোছা. রুমিকে আটক করা হয়। আটক ওই নারী একজন মাদক কারবারি বলে জানায় কোস্ট গার্ড।

কোস্ট গার্ড দক্ষিণ (ভোলা) জোনের মিডিয়া কর্মকর্তা লে. মো. সালমান বিন শওকত জানান, জব্দকৃত ইয়াবা ও আটককৃত নারীর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ভোলায় ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান কোস্ট গার্ডের এ মিডিয়া কর্মকর্তা।

জানতে চাইলে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, আটক ওই নারীর বিরুদ্ধে থানায় মাদক মামলা প্রক্রিয়াধীন। তিনি আরও বলেন, মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হবে।