হোম > সারা দেশ > বরিশাল

নতুন করারোপ ছাড়াই বিসিসির সাড়ে ৬ শ কোটির বাজেট ঘোষণা, মডেল নগরীর প্রতিশ্রুতি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা করেন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন। ছবি: আজকের পত্রিকা

নতুন কোনো করারোপ ছাড়াই ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৬৪৭ কোটি ৫৩ লাখ ৮৫ হাজার ৩০৯ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) প্রশাসক অ্যাড. বিলকিস আক্তার জাহান শিরীন। আজ বৃহস্পতিবার বিকেলে ঘোষিত এই বাজেটে ১২টি বৃহৎ উন্নয়ন প্রকল্পের পাশাপাশি ইকোপার্ক, ৩০টি ওয়ার্ডে ৩০টি মাঠ এবং নগরীতে ৩টি ফুটওভার ব্রিজ নির্মাণের কথা তুলে ধরা হয়েছে।

বাজেট ঘোষণাকালে প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, ‘করপোরেশনের আয় সীমিত। এরপরও কর বৃদ্ধি না করে এ বাজেট ঘোষণা করা হলো। স্বল্প সময়ে বরিশালকে জনবান্ধব, সমৃদ্ধ ও মডেল নগরীতে পরিণত করতে চাই।’

গত ১৬ মার্চ প্রশাসকের দায়িত্ব নেওয়ার পর এটি তাঁর প্রথম বাজেট। বাজেট ঘোষণায় স্বল্প সময়ে বরিশালকে জনবান্ধব, সমৃদ্ধ ও মডেল নগরীতে পরিণত করার প্রতিশ্রুতি দেওয়া হয়। একই সঙ্গে ব্যয় সংকোচন, অপচয় ও দুর্নীতি রোধের মাধ্যমে সম্পদের সদ্ব্যবহারের কথাও জানান প্রশাসক।

বিসিসির বাজেট কাম হিসাবরক্ষণ শাখার তথ্যমতে, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ৬৪৭ কোটি ৫৩ লাখ ৮৫ হাজার ৩০৯ টাকা। এর আগে ২০২৫-২৬ অর্থবছরে প্রস্তাবিত বাজেট ছিল ৫২০ কোটি ৮৬ লাখ ১৬ হাজার ৯২৮ টাকা। সংশোধিত হয়ে তা দাঁড়িয়েছে ৪৬২ কোটি ৮৬ লাখ ২২ হাজার ৮৩৭ টাকা।

প্রস্তাবিত বাজেটে ১২টি বৃহৎ প্রকল্পের কথা উল্লেখ করা হয়। এর মধ্যে রয়েছে ৭৬৯ কোটি ৪০ লাখ টাকায় নগরের বিভিন্ন খাল সম্প্রসারণ ও পাড় সংরক্ষণ প্রকল্প, ৪৮ কোটি ৮২ হাজার ৬৮ হাজার টাকায় কীর্তনখোলায় সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণ প্রকল্প, ১৯৫ কোটি ৬৯ লাখ ১৪ হাজার টাকায় বেজমেন্টসহ ১৫ তলাবিশিষ্ট নগরভবন নির্মাণ প্রকল্প, ৩০৯ কোটি ১৬ লাখ ২৯ হাজার টাকায় বরিশাল শহরের জলবায়ু পরিবর্তন অভিযোজিত নগর উন্নয়ন প্রোগ্রাম, ৪৯ কোটি ৯৬ লাখ টাকায় ৩টি ফুটওভার ব্রিজ ও সিটি অডিটোরিয়াম সংস্কার এবং ২৪ কোটি ৭৫ লাখ ৯৯ হাজার টাকায় সড়কবাতি স্থাপন প্রকল্প।

বাজেটে ৫৩৩ কোটি টাকায় শহর রক্ষা বাঁধ নির্মাণের কথাও রয়েছে।

এ ছাড়া ৬ লাখ লোকের বসতির এই নগরের জন্য একটি ইকোপার্ক করার ঘোষণা দেন প্রশাসক শিরীন। নগরের ৩০টি ওয়ার্ডে ৩০টি মাঠ নির্মাণের প্রতিশ্রুতিও দেওয়া হয়।

বাজেটে জানানো হয়, নগরীর বিভিন্ন এলাকায় গত অর্থবছরে ১ হাজার ৬৪টি নতুন পানির সংযোগ অনুমোদন দেওয়া হয়েছে। প্রতিদিন প্রায় ২০০ টন বর্জ্য অপসারণ করছে সিটি করপোরেশন।

দক্ষিণ কোরিয়ার একটি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা এবং বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও বাজেটে উল্লেখ করা হয়।

নারীদের জন্য আধুনিক পাবলিক টয়লেট নির্মাণ, বিশেষ মার্কেট এবং কর্মজীবী নারীদের জন্য হোস্টেল নির্মাণের কথাও বাজেটে বলা হয়েছে। শিশুদের জন্য গ্রিন সিটি পার্ক সংস্কার, নতুন রাইড স্থাপন, খেলাধুলার সরঞ্জাম ক্রয় এবং বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনেও বরাদ্দ রাখা হয়েছে।

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় আগামী অর্থবছরে ৫০ হাজার বৃক্ষরোপণের ঘোষণা দেওয়া হয়।

প্রশাসক শিরীন বলেন, সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার, দুর্নীতি প্রতিরোধ এবং অপচয় রোধের মাধ্যমে নাগরিক সেবার মান আরও উন্নত করা হবে। সবাইকে সঙ্গে নিয়েই একটি আধুনিক, পরিচ্ছন্ন, সবুজ ও স্মার্ট বরিশাল গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী, সচিব রুম্পা সিকদার, সাবেক প্যানেল মেয়র আলতাফ মাহমুদ সিকদারসহ রাজনৈতিক, শিক্ষাবিদ, সামাজিক ও সাংবাদিক মহলের প্রতিনিধিরা।

দুই মাস বেতন বন্ধ ফরচুন সুজে, আট দাবিতে বরিশালে শ্রমিকদের অবরোধ

বিএম কলে‌জ হো‌স্টেলঃ ছাত্রাবা‌সের ছাদের পলেস্তারা খসে শিক্ষার্থী আহত

বিসিসির ৬০০ কোটির বাজেট ঘোষণা আগামীকাল

ইজারায় যাচ্ছে দুর্গাসাগর: বাতিলের দাবিতে পরিবেশবাদীদের স্মারকলিপি

বায়োস্কোপে ঘোরে সর্বানন্দের জীবিকা

নৌযান শুমারিতে বিভাগীয় কমিশনার: মৎস্য আহরণে এ দেশের জেলেরা পিছিয়ে আছে

বিসিসিতে চাকরি পেলেন তৃতীয় লিঙ্গের অভি

বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় মাদ্রাসাশিক্ষক নিহত

বৈদ্যুতিক তার ছিঁড়ে আড়িয়াল খাঁ নদে: মুলাদী, হিজলা ও মেহেন্দীগঞ্জে বিদ্যুৎ-বিভ্রাট

দেশ ও এলাকার উন্নয়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে: তথ্যমন্ত্রী