হোম > সারা দেশ > বরিশাল

মেঘনায় জেলে নিহত: এখনো হয়নি মামলা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রতীকী ছবি

বরিশালের হিজলায় মেঘনা নদীতে গুলিতে জেলে আকতার হাওলাদার (৪০) নিহতের ঘটনায় কারা গুলি করেছে, তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। আজ শুক্রবার (৩০ অক্টোবর) এ ঘটনায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় হত্যা মামলা হয়নি। স্থানীয় জেলেদের অভিযোগ, চাঁদপুর থেকে আসা নৌ পুলিশের একটি টহল বোট থেকে ছোড়া গুলিতে নিহত হয়েছেন আকতার।

নিহত আকতার হাওলাদার হিজলার মেমানিয়া ইউনিয়নের সুলতান হাওলাদারের ছেলে। চার মেয়ে ও দুই ছেলের বাবা ছিলেন তিনি।

প্রত্যক্ষদর্শী জেলে মো. আব্দুল ব্যাপারী জানান, তাঁরা গভীর সাগরে মাছ ধরেন। প্রতিবছর নিষেধাজ্ঞা শেষ হওয়ার এক দিন আগে প্রশাসনের কার্যক্রম কিছুটা শিথিল থাকে। এ সুযোগে গত বুধবার দিবাগত ভোররাতে তাঁরা ১৩ জন একটি ট্রলারে করে মেঘনায় মাছ ধরছিলেন। হঠাৎ নৌ পুলিশের একটি বোট এসে তাঁদের ওপর গুলি চালায়। এ সময় সবাই শুয়ে পড়লেও গুলিতে আকতার ঘটনাস্থলেই নিহত হন।

আজ সন্ধ্যায় আবদুল ব্যাপারী জানান, সরকারি ছুটির কারণে আকতারের মরদেহের ময়নাতদন্ত করতে দেরি হয়েছে। ময়নাতদন্ত শেষে রাত ৮টার দিকে তাঁর দাফন সম্পন্ন হয়। মামলার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।

গতকাল বৃহস্পতিবার হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান হোসেন জানিয়েছিলেন, আকতার হাওলাদারের বুকে গুলির দাগ রয়েছে। তবে কোন পক্ষের গুলিতে তিনি নিহত হয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।

আজ ওসি সোলায়মান হোসেন জানান, গতকাল করা একটি অপমৃত্যুর মামলার ভিত্তিতে পুলিশ ঘটনাটি তদন্ত করছে। আজ সন্ধ্যা পর্যন্ত হত্যাকাণ্ডের কোনো ক্লু পাওয়া যায়নি। নিহত জেলের পরিবারের কেউ সারা দিন থানায় যোগাযোগ করেননি।

এদিকে নৌ পুলিশের বরিশাল অঞ্চলের পুলিশ সুপার এস এম নাজমুল হক বিশ্বাস জানান, গতকাল তাঁর আওতাধীন নৌ পুলিশের কোনো ইউনিট হিজলার মেঘনা নদীতে অভিযান চালায়নি। এ-সংক্রান্ত একটি প্রতিবেদন ঊর্ধ্বতন দপ্তরে পাঠানো হয়েছে।

বরিশালে কোস্ট গার্ডের জাহাজের ধাক্কায় গমবোঝাই কার্গোয় ফাটল

বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত

বিএম কলেজের ছাত্রাবাসে গভীর রাতে উত্তেজনা, মুখোমুখি ছাত্রদল ও শিক্ষার্থীরা

আগৈলঝাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার

মুলাদীতে মধ্যরাত পর্যন্ত বোমা বিস্ফোরণের শব্দ, আতঙ্কে ৩ গ্রাম

মুলাদী স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান, অল্পের জন্য রক্ষা পেল দুই শিশু

যুবদল নেতা আলামিন হত্যার ১১ বছর পর প্রধান আসামি গ্রেপ্তার

বরিশালের ৩ কমিটি: যুবদলে ১০ বছর ধরে ঘুরেফিরে একই নেতৃত্ব

কাজের মান নিয়ে ছাত্রদলের আপত্তি, কলেজের সড়কের ঢালাই বন্ধ

নানা আয়োজনে বিএমপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত