সাংবাদিক পুলক চ্যাটার্জির অন্ত্যেষ্টিক্রিয়া বরিশাল নগরীর কাউনিয়ার মহাশ্মশানে সম্পন্ন হয়েছে। আজ শনিবার দুপুর পৌনে ২টার দিকে স্বজন ও সহকর্মীদের উপস্থিতিতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। এর আগে আজ শনিবার বেলা ১১টার দিকে পুলক চ্যাটার্জির মরদেহ বরিশাল প্রেস ক্লাবে নিয়ে যাওয়া হয়। প্রেস ক্লাবে মরদেহ নিয়ে আসার পর সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। কান্নায় ভেঙে পড়েন সহকর্মীরা।
সেখানে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আকতার জাহান শিরিন, বরিশাল প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক কাজী মিরাজসহ সাংবাদিকরা শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদনকালে বিসিসি প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আকতার জাহান শিরিন বলেন, আমি ছাত্ররাজনীতি থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জিকে চিনি। তিনি একজন সৎ, নিষ্ঠাবান ও কর্মপরায়ণ সাংবাদিক ছিলেন। তাঁর ভেতরে এতটা চাপা কষ্ট ছিল, তা আমরা কেউই বুঝিনি। তিনি সবাইকে পুলক চ্যাটার্জির পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। পরে শেষবারের মতো তাঁর মরদেহ বাসভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুনুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, পুলক চ্যাটার্জি আত্মহত্যা করেছেন। ময়নাতদন্ত সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
জানা গেছে, শুক্রবার রাতে নগরীর প্যারারা রোডে দৈনিক সমকালের ব্যুরো অফিস থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় মরদেহের সঙ্গে উদ্ধার করা হয়েছে পাঁচটি আত্মহত্যার চিরকুট। পুলক স্ত্রী ও এক কন্যাসন্তান রেখে গেছেন। তিনি দীর্ঘদিন দৈনিক সমকাল ও দৈনিক যুগান্তরে দায়িত্ব পালন করেছিলেন।