হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে বাস থামিয়ে চাঁদাবাজি, আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে বাস থামিয়ে চাঁদাবাজি। ছবি: আজকের পত্রিকা

বরিশালের রূপাতলী বাসস্ট্যান্ড এলাকায় ইজারাদারের লোক পরিচয়ে চাঁদা আদায় করছে একটি চক্র। সিটি টোলের নামে প্রতিদিন বিভিন্ন বাস থেকে ৫০ থেকে ১০০ টাকা করে আদায় করছে চক্রটি। যদিও বাস টার্মিনালের ইজারাদার এমনটা অস্বীকার করেছেন।

এ ঘটনায় গতকাল মঙ্গলবার এম ডি ফিরোজ চৌধুরী নামের এক ব্যক্তি থানায় লিখিত অভিযোগ দেন। এরপরই রাতে অভিযান চালিয়ে হাসান ও সোহাগ নামের দুজনকে আটক করে পুলিশ। কিন্তু তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে রাতে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বরিশাল সিটি করপোরেশনের বাজার পরিদর্শক রেজাউল করিমের একটি প্রত্যয়নপত্র দিয়ে আটক দুজনকে ছাড়ানোর ব্যবস্থা করা হয়। এতে উল্লেখ করা হয়, আটক ব্যক্তিরা রূপাতলী বাস টার্মিনালের ইজারাদারের লোক। তাঁরা টোল উত্তোলনের কাজে নিয়োজিত। তিনি দুজনকে সাধারণ ক্ষমার অনুরোধ জানান।

অপর দিকে সিটি করপোরেশনের বাজার পরিদর্শক পুলিশের হাতে আটক দুজনের পক্ষে প্রত্যয়নপত্র দেওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন বাস মালিক সমিতির নেতারা। তাঁরা বলেন, এ ধরনের প্রত্যয়নপত্র চাঁদাবাজিকে উৎসাহিত করার শামিল।

এ বিষয়ে রূপাতলী বাস মালিক সমিতির নেতা ইউসুফ হোসেন গাজী বলেন, সরকারের নির্দেশনা সড়কে কোনো চাঁদাবাজি চলবে না। গতকাল চাঁদা নেওয়ার অভিযোগে দুজনকে আটক করে পুলিশ। তখন কয়েকজন পালিয়ে যান। সড়কে শৃঙ্খলা ফেরাতে চাঁদাবাজি বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

জানতে চাইলে রূপাতলী বাস টার্মিনালের ইজারাদার আরিফুর রহমান মুন্না বলেন, নিয়মের মধ্যে থেকেই তিনি টার্মিনাল ইজারা পেয়েছেন। পয়লা বৈশাখ থেকে তাঁরা টোল আদায় করছেন। তবে সড়কের ওপর থেকে তাঁর কোনো স্টাফ চাঁদা তুলছেন না।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুনুল ইসলাম বলেন, গতকাল রাতে তাঁরা অনেককে গ্রেপ্তার করেছেন। এখন রূপাতলীর দুজনকে কী কারণে গ্রেপ্তার করা হয়েছে কিংবা তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে কি না, তা তিনি কাগজপত্র না দেখে বলতে পারবেন না।

বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী বলেন, ‘আমরা রূপাতলী বাস টার্মিনাল এক বছরের জন্য ইজারা দিয়েছি। কিন্তু বাস টার্মিনালের বাইরে সড়ক থেকে চাঁদা তোলার কোনো অনুমতি দেওয়া হয়নি।’ তিনি বলেন, ‘সিটি টোলের নামে আমরা রাস্তা ইজারা দিইনি।’

ঢাকা-বরিশাল রুটে বাসভাড়া বাড়ল ৫০ টাকা

সংরক্ষিত নারী আসন: বরিশাল বিভাগে মনোনয়ন পেলেন মাত্র ৩ নেত্রী

বরিশাল বিশ্ববিদ্যালয়: শাটডাউনে যাচ্ছেন শিক্ষকেরা

ফুটওভার ব্রিজের দাবিতে গৌরনদীতে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ

ফুটওভার ব্রিজের দাবিতে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ

হিজলায় ১৭ লাখ টাকার চিংড়ির রেণু জব্দ, মেঘনায় অবমুক্ত

ববি ভিসির কার্যালয়ের সামনে অনশনে বিভাগীয় প্রধান, দাবি ৬০ শিক্ষকের পদোন্নতি

চার দফা দাবি: ২ ঘণ্টা পর মহাসড়ক ছাড়লেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

বাসের ধাক্কায় পথচারী নিহত: বাস আটক নিয়ে পুলিশের সঙ্গে বিএনপি নেতার উত্তেজনা

গভীর রাতের অভিযানে মেঘনায় ১৩ জেলে আটক, জরিমানা