বরগুনার আমতলীতে অটোরিকশার ধাক্কায় এলমা আক্তার (৮) নামের এক শিশু নিহত হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার কাউনিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বিকেলে লেবুখালী এলাকায় শিশুটির মৃত্যু হয়।
এলমা আক্তার উপজেলার মহিষডাঙ্গা গ্রামের জসিম মিয়ার মেয়ে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, জসিম মিয়া স্ত্রী ও মেয়েকে নিয়ে ঢাকায় বসবাস করতেন। পূজার ছুটিতে মেয়েকে নিয়ে তিনি কাউনিয়া গ্রামে শ্বশুর আজিজ ফরাজীর বাড়িতে বেড়াতে এসেছিলেন। আজ দুপুরে জসিম মিয়ার মেয়ে এলমা রাস্তার পাশে দাঁড়িয়ে চকলেট খাচ্ছিল। এ সময় পেছন দিক থেকে আসা একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানকার চিকিৎসক শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পথে লেবুখালী এলাকায় আজ বিকেলে তার মৃত্যু হয়।
এদিকে দুর্ঘটনার পর অটোরিকশাচালক বাদল ফকির পালিয়ে গেছেন বলে জানা গেছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন জানান, তিনি ঘটনাটি জানতে পেরেছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।