সুন্দরবনে বনদস্যু দমনে কোস্ট গার্ডের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ ৪৩ বনদস্যুকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি সাতটি সক্রিয় বনদস্যু দলের ৬৪ সদস্য অস্ত্র ও গোলাবারুদ জমা দিয়ে আত্মসমর্পণ করেছেন। এ ছাড়া বনদস্যুদের কবল থেকে ৬৩ জেলে, দুজন পর্যটক ও একজন রিসোর্ট মালিকসহ ৬৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার বিকেলে সুন্দরবনের দুবলার চরের আলোরকোলে রাস উৎসব উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কোস্ট গার্ডের দুবলার চর এলাকার নিরাপত্তার দায়িত্বে থাকা অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার জাকি আল ফাত্তাহ।
তিনি জানান, সুন্দরবন থেকে বনদস্যুদের তৎপরতা নির্মূল এবং উপকূলীয় এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এসব অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ৪৩ বনদস্যুকে গ্রেপ্তার করা হয়েছে।
কোস্ট গার্ড ও যৌথ বাহিনীর ধারাবাহিক অভিযানের চাপে সাতটি সক্রিয় বনদস্যু দলের ৬৪ সদস্য অস্ত্র ও গোলাবারুদ জমা দিয়ে আত্মসমর্পণ করেছেন। একই সঙ্গে বনদস্যুদের কবল থেকে ৬৩ জন জেলে, দুজন পর্যটক ও একজন রিসোর্ট মালিককে উদ্ধার করে স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
রাস পূর্ণিমা উৎসব ঘিরে নিরাপত্তাব্যবস্থার বিষয়ে লেফটেন্যান্ট কমান্ডার জাকি আল ফাত্তাহ বলেন, তীর্থযাত্রী ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ডের নৌযান, নিকটবর্তী স্টেশন ও আউটপোস্ট থেকে বিশেষ টহল দল মোতায়েন করা হয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সার্বক্ষণিক টহলের পাশাপাশি জরুরি উদ্ধার তৎপরতার জন্য ডুবুরি দলও প্রস্তুত রাখা হয়েছে।
জাকি আল ফাত্তাহ আরও জানান, বন্যপ্রাণী নিধন ও বনজ সম্পদ পাচার রোধে বন বিভাগ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে নজরদারি জোরদার করা হয়েছে। উৎসব চলাকালে যেকোনো জরুরি প্রয়োজনে দ্রুত সহায়তা পেতে পুণ্যার্থী ও দর্শনার্থীদের কোস্ট গার্ডের হেল্পলাইন ১৬১১১ নম্বরে যোগাযোগের আহ্বান জানান এই কর্মকর্তা।