হোম > সারা দেশ > বাগেরহাট

মিল্ক ভিটার চেয়ারম্যানের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি

মিল্ক ভিটার চেয়ারম্যান আমির হামজা সাথিলের বাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। ছবি: সংগৃহীত

বাগেরহাটের ফকিরহাটে সরকারি প্রতিষ্ঠান মিল্ক ভিটার চেয়ারম্যান আমির হামজা সাথিলের বাড়ি লক্ষ্য করে পরপর তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার রাত ১০টা ২১ মিনিটে মোটরসাইকেলে আসা দুই যুবক এ হামলা চালিয়ে পালিয়ে যান।

এ ঘটনার ১৮ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, মোটরসাইকেলে করে আসা দুই যুবক বাড়িটি লক্ষ্য করে পরপর তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করছেন। হামলার পরপরই তাঁরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

আমির হামজা সাথিলের বাড়ি উপজেলার বাহিরদিয়া ইউনিয়নে সরকারি মহিলা কলেজসংলগ্ন এলাকায়। ঘটনার সময় বাড়িতে তাঁর চাচা ও পরিবারের অন্য সদস্যরা ছিলেন। তবে পেট্রোল বোমাগুলো বাড়ির সামনের সড়কে বিস্ফোরিত হওয়ায় ঘরবাড়ি কিংবা কোনো ব্যক্তির ক্ষয়ক্ষতি হয়নি।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এ হামলার সঙ্গে জড়িত, তা শনাক্ত করতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।