হোম > সারা দেশ > বাগেরহাট

বাগেরহাটে মানববন্ধন ঘিরে কোস্ট গার্ড স্টেশনে হামলা-ভাঙচুর, আহত ১৫

বাগেরহাট প্রতিনিধি

কোস্ট গার্ড স্টেশনে হামলা-ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। ছবি: আজকের পত্রিকা

বাগেরহাটের সুন্দরবন-সংলগ্ন চিলা ইউনিয়নের জয়মনির ঘোল এলাকায় নিখোঁজ মিরাজ শেখের সন্ধানের দাবিতে আয়োজিত মানববন্ধনকে কেন্দ্র করে বাংলাদেশ কোস্ট গার্ডের হারবারিয়া স্টেশনে হামলা, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কোস্ট গার্ডের কয়েকজন সদস্যসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত কোস্ট গার্ড, পুলিশ ও র‍্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।

স্থানীয় একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা যায়, জয়মনির ঘোল এলাকার মিরাজ শেখ (৩২) গত ১০ এপ্রিল থেকে নিখোঁজ। মিরাজের স্বজনদের দাবি, কোস্ট গার্ডের পরিচয়ে তাকে তুলে নেওয়া হয়েছে। মিরাজের সন্ধানের দাবিতে স্বজনরা এর আগে সংবাদ সম্মেলন, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন। তবে কোস্ট গার্ড এ ঘটনায় তাদের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে আসছে।

এই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে মিরাজ শেখের সন্ধানের দাবিতে তার স্বজন ও স্থানীয় গ্রামবাসী জয়মনির ঘোল এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেন। কর্মসূচি চলাকালে কোস্ট গার্ডের পক্ষ থেকে বাধা দেওয়া হয় বলে স্থানীয়রা জানান।

একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতার একটি অংশ সেখানে অবস্থিত কোস্ট গার্ডের হারবারিয়া চেকপোস্ট ও স্টেশনে হামলা চালায়। হামলাকারীরা কোস্ট গার্ডের স্পিডবোট, পন্টুন অফিস এবং বিভিন্ন সরকারি স্থাপনা ও মালামাল ভাঙচুর করে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। হামলার সময় কোস্ট গার্ড সদস্যদের ওপর সরাসরি হামলারও অভিযোগ রয়েছে। এতে কয়েকজন কোস্ট গার্ড সদস্য আহত হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে কোস্ট গার্ড গুলি ছোড়ে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। পরে অতিরিক্ত কোস্ট গার্ড, পুলিশ ও র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় আইন-শৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে নারী-পুরুষসহ অন্তত ১০ জন গ্রামবাসী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

আহতদের পক্ষ বা মানববন্ধনের আয়োজকদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। স্থানীয় সূত্র জানিয়েছে, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অনেকেই গা ঢাকা দিয়েছেন।

স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম বলেন, “ঘটনার সূত্রপাতের পর খবর পেয়ে ঘটনাস্থলে যাই। তখন পরিস্থিতি বেশ উত্তপ্ত ছিল।”

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ, কোস্ট গার্ড ও র্যাব মোতায়েন রয়েছে।

ওসি আরও জানান, এ ঘটনায় রাত সাড়ে ৮টা পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে কোস্ট গার্ডের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

ঘটনার বিষয়ে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জয়মনির ঘোলে অবস্থিত কোস্ট গার্ড স্টেশনে একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে। এতে দায়িত্ব পালনরত কয়েকজন সদস্য আহত হয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক তদন্ত ও স্থানীয় পরিস্থিতি বিশ্লেষণে ধারণা করা হচ্ছে, কিছু স্বার্থান্বেষী মহল ও অসাধু চক্র নিজেদের অপকর্ম পরিচালনার সুবিধার্থে পরিকল্পিতভাবে হামলা, ভাঙচুর ও অপপ্রচার চালাচ্ছে। তাদের উদ্দেশ্য সুন্দরবনে বনদস্যু দমন ও আইন-শৃঙ্খলা রক্ষায় কোস্ট গার্ডের চলমান কার্যক্রম ব্যাহত করা এবং বাহিনীকে ওই এলাকা থেকে সরিয়ে দেওয়া।

কোস্ট গার্ড জানিয়েছে, হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে যৌথ অভিযান শুরু হয়েছে। পাশাপাশি কোনো ধরনের হামলা, ভয়ভীতি বা অপপ্রচারে দায়িত্ব পালনে বাধাগ্রস্ত না হয়ে সুন্দরবন ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীর কার্যক্রম অব্যাহত থাকবে।

নিরপেক্ষতা যাচাই: আহত গ্রামবাসী, মানববন্ধন আয়োজক ও মিরাজ শেখের স্বজনদের তাৎক্ষণিক বক্তব্য পাওয়া যায়নি।

দুর্বৃত্তের হামলায় নিহত কৃষক দল নেতার দাফন সম্পন্ন, জামায়াতের ৩ কার্যালয়ে হামলার অভিযোগ

ফকিরহাটে দুর্বৃত্তের হামলায় কৃষক দলের নেতা নিহত

মোংলা বন্দরের নতুন চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোস্তফা

ফকিরহাটে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ‘চাচা’ গ্রেপ্তার, আদালতে প্রেরণ

বাগেরহাটের ফকিরহাট: আর্সেনিকযুক্ত পানিই ভরসা

খানজাহান আলী মাজারসংলগ্ন দিঘির একমাত্র কুমির স্থানান্তর

বাগেরহাটে ট্রাক-ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

বাগেরহাটে কুমিরের আক্রমণে নিহত ফাতেমার দাফন সম্পন্ন, ময়নাতদন্ত হয়নি

বাগেরহাটে মাজারের দিঘিতে কুমিরে টেনে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার

বাগেরহাটে মাজারের দিঘির কুমির টেনে নিল ৭ বছরের শিশুকে