বাগেরহাটের ফকিরহাট থেকে আইএমইআই নম্বর পরিবর্তন করা ৫৯টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) দিবাগত রাত ৯টা ৪০ মিনিটে ফকিরহাট সদরের রেজাউর রহমান পলাশের ‘পুষ্প টেলিকম’ থেকে এসব মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন রেজাউর রহমান পলাশ (৩৪), মো. অহিদুল ইসলাম (২৬), চন্দন সাহা (৩০) ও মো. হুছাইন খান (২২)। তাঁদের বাড়ি খুলনা ও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায়।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার এসব তথ্য জানান।
পুলিশ সুপার বলেন, প্রতিটি মোবাইল ফোনের একটি ইউনিক ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেনটিটি (আইএমইআই) নম্বর থাকে। এই নম্বরের মাধ্যমে মোবাইল ফোন শনাক্ত করা যায়। তবে চোর চক্রের সদস্যরা মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করে দেয়। তিনি বলেন, মোবাইল ফোন উদ্ধারের সময় চোর চক্রের চার সদস্যকে আটক করা হয়েছে। তাঁদের সঙ্গে জড়িত আরও তিনজন পালিয়ে গেছে। আটক ও পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পলাতকদের গ্রেপ্তারে অভিযান চলছে।
উদ্ধার করা মোবাইল ফোনগুলোর প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান পুলিশ সুপার।