সুন্দরবনের দুবলার চরে রাস উৎসবকে ঘিরে পুণ্যার্থী ও দর্শনার্থীদের ভিড় জমেছে। এর আড়ালে বনের ভেতরে হরিণ শিকারের ফাঁদ পেতেছিল একটি চক্র। জামতলা এলাকায় অভিযান চালিয়ে প্রায় এক হাজার ফুট ফাঁদ উদ্ধার করেছে বন বিভাগ। এ ঘটনায় জড়িত সন্দেহে বিশ্বজিৎ রায় (৩২) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
আজ সোমবার দুপুরে সুন্দরবন পূর্ব বন বিভাগের আলোরকোল ক্যাম্পের বনরক্ষীরা এ অভিযান চালান। আটক বিশ্বজিৎ রায়ের বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলায়।
বন বিভাগ সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে জামতলা খালের আশপাশে অপরিচিত লোকজনের আনাগোনা বেড়ে যাওয়ার তথ্য দেন স্থানীয় জেলেরা। এরপর গোপন সংবাদের ভিত্তিতে বনের ভেতরে তল্লাশি শুরু করেন বনরক্ষীরা। এ সময় হরিণ চলাচলের পথে গাছের সঙ্গে, ঝোপের আড়ালে ও খালের পাড়ে নাইলনের মোটা রশি দিয়ে তৈরি সারি সারি ফাঁদ দেখতে পান তাঁরা। প্রায় দুই ঘণ্টার অভিযানে আনুমানিক এক হাজার ফুট ফাঁদ উদ্ধার করা হয়। পরে সেগুলো ঘটনাস্থলেই পুড়িয়ে ধ্বংস করা হয়।
একই অভিযানে পাশের খালে চাঁইয়ে আটকে রাখা বেশ কিছু নিষিদ্ধ শাপলাপাতা মাছ উদ্ধার করে নদীতে অবমুক্ত করা হয়।
ফাঁদ উদ্ধারের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে ফাঁদের ধরন ও পাতার কৌশল বিশ্লেষণ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশ্বজিৎ রায়ের সংশ্লিষ্টতা শনাক্ত করা হয়। আজ বিকেলে দুবলা এলাকা থেকে তাঁকে আটক করা হয়। এ চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা জানতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
চাঁদপাই স্টেশনের সহকারী স্টেশন কর্মকর্তা মোস্তাকিম বিল্লাহ বলেন, হরিণ শিকারের উদ্দেশে ফাঁদ পাতা গুরুতর অপরাধ। জড়িতদের শনাক্ত ও আটকে ওই এলাকায় গোয়েন্দা নজরদারি এবং টহল জোরদার করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, হরিণ শিকার সুন্দরবনের জন্য বড় হুমকি। হরিণ বাঁচলে বাঘ বাঁচবে, বাঘ বাঁচলে সুন্দরবন বাঁচবে। এ কারণে জামতলাসহ বিভিন্ন ক্যাম্পে টহল জোরদার করা হয়েছে।