সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে নারীসহ সাতজন আহত হয়েছেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার মাধাইনগর ইউনিয়নের গুড়মা গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা তাড়াশ ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল ও সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা নিচ্ছে।
আহত ব্যক্তিরা হলেন সিয়াম হোসেন (১৩), সুলতান মাহমুদ (৩২), সবুরা খাতুন (২৬), রহিম হোসেন (৩০), আব্দুল গফুর (৩২), মোছা. মোস্তারিন পারভীন (৩০) ও রেহেনা খাতুন (২০)।
স্থানীয়রা জানায়, ভোটের দিন সকালে মাধাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আমিন উদ্দিন কয়েকটি পরিবারের সদস্যদের ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান। তবে সংশ্লিষ্ট পরিবারের সদস্যরা তাঁর আহ্বানে সাড়া না দিয়ে অপর এক বিএনপি নেতা মো. নাসির উদ্দিনের কথায় ভোট দিতে কেন্দ্রে যান। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত হয়।
অভিযোগ রয়েছে, এর জের ধরে সকালে আমিন উদ্দিন ও তাঁর অনুসারীরা কয়েকটি বাড়িতে গিয়ে লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। এতে নারীসহ সাতজন আহত হন।
এ বিষয়ে জানতে মো. আমিন উদ্দিনকে মোবাইলে ফোন দিলে নম্বর বন্ধ পাওয়া যায়।
তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আফসার আলী বলেন, ঘটনার সঙ্গে জড়িত উভয় পক্ষই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। বিষয়টি জানার পর আহত ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। স্থানীয়ভাবে আলোচনা করে বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় আমার জানামতে দুজন আহত হয়েছে। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি।’