ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার পথে লালমনিরহাটের পাটগ্রামে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী ও তাঁদের এক শিশুসন্তান নিহত হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত অপর সন্তানকে আশঙ্কাজনক অবস্থায় রংপুরে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ৭টার দিকে উপজেলার পাটগ্রাম পৌরসভার মির্জারকোট মডেল মসজিদের সামনে পাটগ্রাম-লালমনিরহাট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন শরিফুল ইসলাম (৩৮), তাঁর স্ত্রী সুমাইয়া আক্তার (৩২) ও চার মাস বয়সী ছেলে আব্দুল্লাহ আল হুজাইফা। শরিফুল ইসলাম দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলির মনসাপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি পাটগ্রামের একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় সহকারী ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদুল ফিতর উপলক্ষে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে গ্রামের বাড়ি যাচ্ছিলেন শরিফুল। পথে মির্জারকোট এলাকায় বুড়িমারী স্থলবন্দরগামী একটি ট্রাকের ধাক্কায় তাঁরা গুরুতর আহত হন। তবে ঘটনাস্থলেই সুমাইয়া আক্তারের মৃত্যু হয়। পরে শরিফুল ইসলাম ও তাঁর চার মাস বয়সী সন্তানকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁদের মৃত্যু হয়।
এই ঘটনায় আহত অপর সন্তান শোয়াইব হোসেনের (১০) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়েছে।
বড়খাতা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছেন। নিহত ব্যক্তিদের স্বজনদের খবর দেওয়া হয়েছে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, লাশগুলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। ঘাতক ট্রাক শনাক্তে বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দেখা হচ্ছে এবং চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।