জ্বালানিমন্ত্রীকে ‘নাস্তিক’ ও ‘ইসলামবিদ্বেষী’ বলে মামলার ফাঁদে পড়লেন আলোচিত জামায়াত নেতা সংসদ সদস্য মুফতি আমির হামজা। আজ সোমবার সিরাজগঞ্জ সদর আমলি আদালতে তাঁর বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করেন এক আইনজীবী।
মামলায় দণ্ডবিধির ৫০০ ধারায় মানহানির অভিযোগ আনা হয়েছে। আদালতের বিচারক সুমন কুমার কর্মকার মামলাটি আমলে নিয়ে আদেশের জন্য অপেক্ষমাণ রাখেন।
বাদী জাতীয়তাবাদী আইনজীবী সমিতির নেতা এস এম নাজমুল ইসলাম বলেন, মুফতি আমির হামজা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রীকে নিয়ে বিরূপ মন্তব্য করে তাঁর সম্মানহানি করেছেন। এ কারণে তিনি আদালতে মানহানির মামলা করেছেন।
এজাহারে উল্লেখ করা হয়েছে, গত শুক্রবার (২৭ মার্চ) কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুমার খুতবার আগে বক্তব্যে মুফতি আমির হামজা মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক’ ও ‘ইসলামবিদ্বেষী’ বলে মন্তব্য করেন।