হোম > সারা দেশ > বাগেরহাট

মোংলায় চিকিৎসকের ওপর হামলা ও ভাঙচুর, আটক ১

 মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

প্রতীকী ছবি

বাগেরহাটের মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক চিকিৎসককে মারধর ও জরুরি বিভাগের আসবাবপত্র ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল রোববার ভোরের এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর জড়িত অভিযোগে আজ সোমবার (৩০ মার্চ) পুলিশ একজনকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।

​হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল ভোরে বিষ পান করা এক রোগীকে মুমূর্ষু অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসেন তাঁর স্বজনেরা। এ সময় জরুরি বিভাগে কর্মরত উপসহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা অনুপম মজুমদারের সঙ্গে রোগীর চিকিৎসা ও শারীরিক অবস্থা নিয়ে কথা বলার একপর্যায়ে স্বজনেরা হঠাৎ উত্তেজিত হয়ে তাঁর ওপর চড়াও হন। হামলাকারীরা কক্ষের ভেতরে থাকা চেয়ার ও কাঠের টুল দিয়ে তাঁকে এলোপাতাড়ি আঘাত করেন। তাঁরা জরুরি বিভাগের বিভিন্ন আসবাবপত্র ও মেডিকেল সরঞ্জাম ভাঙচুর করেন। এ সময় অনুপমের সহকর্মীরা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পরে আহত ওই চিকিৎসককে হাসপাতালেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

পরে গতকাল সন্ধ্যায় অনুপম বাদী হয়ে মোংলা থানায় একটি মামলা করেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আজ সকালে পুলিশ মো. হাফিজুর রহমান মানিক হোসেন (৩৭) নামের একজনকে আটক করেছে। পরে দুপুরে তাঁকে বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

মোংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শাহিন এ ঘটনাকে অত্যন্ত ‘দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, হাসপাতালের ভেতরে এমন সহিংসতা স্বাস্থ্যসেবা পরিবেশের জন্য চরম ক্ষতিকর এবং এটি কর্মী ও রোগীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে। তিনি এ ঘটনার স্বচ্ছ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন, যাতে প্রকৃত দোষীরা আইনের আওতায় আসে।

তবে অভিযুক্ত ব্যক্তিদের একজন মোহাম্মদ সজীব মিয়া শান্ত দাবি করেছেন, মুমূর্ষু রোগী ফেলে রেখে চিকিৎসক মোবাইলে ব্যস্ত ছিলেন। চিকিৎসায় অবহেলার কারণেই সেখানে উত্তেজনার সৃষ্টি হয়। তিনি আরও দাবি করেন, বিষয়টি অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হচ্ছে।

এ ঘটনার তদন্ত কর্মকর্তা ​মোংলা থানার উপপরিদর্শক মো. মহররম আলি জানিয়েছেন, খবর পাওয়ার পরপরই পুলিশি তৎপরতা শুরু হয় এবং সিসিটিভি ফুটেজ যাচাই করে অন্যতম অভিযুক্ত ব্যক্তিকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, বর্তমানে হাসপাতালের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদেরও আটকের চেষ্টা চলছে।

জাল ভিসা তৈরি ও মানবপাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

ফরিদপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীর আমৃত্যু কারাদণ্ড

গণভোটের পক্ষে পোস্ট দিয়ে বহিষ্কার হলেন ছাত্রদল নেতা

নাটোরে গুদামে মিলল ১১ হাজার লিটার জ্বালানি তেল, লাখ টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জে ৯ কেজি গানপাউডারসহ বোমা তৈরির সরঞ্জাম জব্দ

বেড়ায় অটোরিকশাচালক ফজলুল হত্যার রহস্য উদ্‌ঘাটন, স্ত্রীসহ গ্রেপ্তার ৩

নকশাবহির্ভূত ভবনে টানানো হলো অপসারণের নোটিশ, সময় ৭ দিন

কেশবপুরে ১৫৮ প্রাথমিক স্কুলের মিড ডে মিল কর্মসূচি উদ্বোধন

জ্বালানিমন্ত্রীকে কটূক্তি: আমির হামজার বিরুদ্ধে শতকোটি টাকার মানহানি মামলা

৯৯৯-এ কল পেয়ে ৭ হাজার লিটার পেট্রলসহ লরি জব্দ, আটক ৪