নীলফামারীর সৈয়দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।
আজ সোমবার বেলা ১টার দিকে শহরের ডা. জিকরুল হক রোডের ঢাকা ব্যাংক শাখা ভবনের পাশের একটি দোকানে আগুনের এ ঘটনা ঘটে। আগুন মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা কাজ করছেন।
বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু হাসেম বলেন, আগুনের সূত্রপাত কোথায় এবং কীভাবে হয়েছে তা এখনো জানা যায়নি। আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়েছে। ভবনে কয়েকজন আটকা পড়েছিল। তাদের উদ্ধার করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।