হোম > সারা দেশ > রংপুর

সাত বছর ধরে বিকল অ্যাম্বুলেন্স, সেবাবঞ্চিত ইউনিয়নবাসী

আশরাফুল আলম আপন, বদরগঞ্জ (রংপুর)

খোলা আকাশের নিচে ফেলে রাখা অ্যাম্বুলেন্স। গতকাল তোলা। ছবি: আজকের পত্রিকা

রংপুরের বদরগঞ্জ উপজেলার মধুপুর ইউনিয়ন পরিষদের একমাত্র অ্যাম্বুলেন্সটি সাত বছর ধরে বিকল অবস্থায় পড়ে আছে। মেরামতের উদ্যোগ না নেওয়ায় খোলা আকাশের নিচে পড়ে থেকে প্রায় সম্পূর্ণ নষ্ট হয়ে যাচ্ছে গাড়িটি। ফলে জরুরি রোগীদের হাসপাতালে নিতে ইউনিয়নবাসীকে অতিরিক্ত খরচ গুনতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, অ্যাম্বুলেন্সটি সচল না থাকায় রোগীদের হাসপাতালে নিতে এখন বেসরকারি যানবাহনের ওপর নির্ভর করতে হচ্ছে। এতে ভাড়া দিতে হচ্ছে প্রায় দ্বিগুণ। অনেক সময় আবার প্রয়োজনের মুহূর্তে গাড়িও পাওয়া যায় না।

মধুপুর ইউনিয়নের ইউপি সদস্য শাহিনুর আলম বলেন, ইউনিয়নটিতে প্রায় ৩৫ হাজার মানুষের বসবাস। এখানে দরিদ্র মানুষের সংখ্যা বেশি। এই ইউনিয়নের রোগীদের কম খরচে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিংবা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার কথা চিন্তা করে ইউনিয়ন পরিষদের উদ্যোগে ২০১৫-১৬ অর্থবছরে এলজিএসপি-২ প্রকল্পের অর্থায়নে অ্যাম্বুলেন্সটি কেনা হয়।

তিনি বলেন, প্রথম চার বছর অ্যাম্বুলেন্সটি নিয়মিত চলাচল করত। প্রতিদিন গড়ে দুই থেকে তিনজন রোগীকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়া হতো। এতে দরিদ্র রোগীরা অনেক উপকৃত হতেন। কিন্তু ২০১৯ সালে যান্ত্রিক ত্রুটির কারণে গাড়িটি বিকল হয়ে পড়ে। এর পর থেকে সেটি খোলা আকাশের নিচে পড়ে রয়েছে।

মধুপুর ইউনিয়নের রাজরামপুর গ্রামের বাসিন্দা সামছুল হক বলেন, ‘আগে এই অ্যাম্বুলেন্সে রোগী নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলাম। ভাড়া লাগত ৭৫০ টাকা। এখন এটি নষ্ট থাকায় বেসরকারি অ্যাম্বুলেন্সে যেতে হয়। সময়মতো গাড়ি পাওয়া যায় না, আবার ভাড়াও দিতে হয় দ্বিগুণ।’

একই গ্রামের আব্দুর রাজ্জাক জানান, কয়েক দিন আগে মারামারিতে আহত দুজন আত্মীয়কে নিয়ে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছিলেন। পরে রোগীদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু তিনি কোনো গাড়িই পাচ্ছিলেন না। রাতে অনেক কষ্ট করে সিএনজিচালিত অটোরিকশায় করে রোগীদের হাসপাতালে নিতে হয়েছে।

মধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আলম দাবি করেন, তিনি ২০২২ সালে দায়িত্ব নেওয়ার পর দুবার নিজ উদ্যোগে অ্যাম্বুলেন্সটি মেরামত করে সচল করেছিলেন। তবে কিছুদিন চলার পর আবারও বিকল হয়ে পড়ে। তিনি বলেন, ‘গাড়িটি পুরোপুরি মেরামত করতে প্রায় চার লাখ টাকা প্রয়োজন। ইউনিয়ন পরিষদের পক্ষে এত টাকা বরাদ্দ দেওয়া সম্ভব নয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’

গ্যারেজ না থাকায় অ্যাম্বুলেন্সটি খোলা আকাশের নিচে রাখা হয়েছে বলেও জানান তিনি।

এ বিষয়ে বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আঞ্জুমান সুলতানা বলেন, বিষয়টি তাঁর জানা ছিল না। অ্যাম্বুলেন্সটি মেরামতের জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বগুড়ায় যুবককে হত্যা: চট্টগ্রাম থেকে পাঁচ আসামি গ্রেপ্তার

রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

গাজীপুরে ডাকাত দলের হামলায় নারী নিহত, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

গুইমারার কুকিছড়া এলাকায় সেনাবাহিনীর অভিযান: দেশীয় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

যুবকের মৃত্যুসংবাদ শুনে প্রতিবেশী বৃদ্ধের মৃত্যু, একসঙ্গে দাফন

সিরাজদিখানে অগ্নিকাণ্ডে ৩ দোকান ভস্মীভূত

জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের প্রথম দায়িত্ব: আইজিপি

রাজধানীর জুরাইনে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

গজারিয়ায় জবাইকৃত ১৩টি ঘোড়া ফেলে পালালেন চক্রের সদস্যরা

জমি নিয়ে বিরোধে ভাতিজার ছোড়া ঢিলের আঘাতে চাচা নিহত