চট্টগ্রামের মিরসরাইয়ে হাসপাতালের বেডে শুয়ে ভোটকেন্দ্রে এসেছেন কামরুল হাসান বাপ্পি নামের এক যুবক। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার মলিয়াইশ উচ্চবিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট দেন।
জানা গেছে, কিছুদিন আগে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন বাপ্পি। শারীরিকভাবে অসুস্থ থাকলেও ভোটাধিকার থেকে নিজেকে বঞ্চিত করতে চাননি তিনি। স্বজন ও সহকর্মীদের সহায়তায় হাসপাতালের বেডে শুয়েই কেন্দ্রে এসে ভোট দেন।
কামরুল হাসান বাপ্পি মিঠানালা ইউনিয়ন যুবদলের সদস্যসচিবের দায়িত্বে রয়েছেন। ভোট দেওয়ার পর তিনি বলেন, ‘হাসপাতালে শুয়ে থাকলেও মন পড়ে ছিল ভোটের মাঠে। অনেকে নিষেধ করেছিলেন, কিন্তু মন মানেনি। তাই বেড নিয়ে এসে ভোট দিয়েছি। ধানের শীষের জয় হবে, ইনশা আল্লাহ।’
জানতে চাইলে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সরোয়ার উদ্দিন সেলিম বলেন, ‘বাপ্পি দলনিষ্ঠ একজন কর্মী। অসুস্থ থাকার পরও তাকে থামানো যায়নি। আমাদের সহযোগিতায় সে ভোট দিতে পেরেছে।’
মলিয়াইশ উচ্চবিদ্যালয় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম জানান, একজন অসুস্থ ভোটার বেডে শুয়ে কেন্দ্রে আসেন। পরে চারজনের সহায়তায় তাঁকে কেন্দ্রে তোলা হয় এবং তিনি ভোট দেন। এ কেন্দ্রে মোট ভোটার ৪ হাজার ৯৩১ জন। দুপুর পর্যন্ত প্রায় ৫০ শতাংশ ভোট পড়েছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে।